সহিংসতার ঘটনায় ২ জেলায় গ্রেপ্তার ৫০
সম্প্রতি সহিংসতার ঘটনায় সাতক্ষীরা ও বগুড়া থেকে বিএনপি-জামায়াতের অর্ধশত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ও শনিবার সাতক্ষীরা থেকে ৩২ জন জামায়াত-শিবির এবং বগুড়া থেকে বিএনপি-জামায়াতের ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর থানায় ৭ জন, কলারোয়া থানায় ৬ জন, পাটকেলঘাটা থানায় ১ জন, আশাশুনি থানায় ৩ জন, শ্যামনগর থানায় ১০ জন ও কালিগঞ্জ থানায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
‘‘তাদের বিরুদ্ধে হরতালের নামে নাশকতা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।’’
শনিবার গ্রেপ্তারদেরকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।
সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার বিভিন্ন উপজেলায় হামলা ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে বগুড়া সদর থানায় ১৪ জন, দুপচাচিয়া থানায় ৯ জন, নন্দীগ্রামে ৩ জন, শিবগঞ্জ থানায় ১ জন এবং শাজাহানপুর থানায় ১ জন রয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে বিএনপি, জামায়াত, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মী রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
