২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিল্কসিটি ট্রেনে আগুন দেয়ার ঘটনা নাশকতা’

রাজশাহী রেলস্টেশনে ‘সিল্কসিটি’ আন্তঃনগর ট্রেনের তিনটি বগিতে অগুন দেয়ার ঘটনা নাশকতা ছিল বলে তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৭ কোটি ১২ লাখ টাকার।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 06:24 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শনিবার দুপুরে তদন্ত কমিটির সদস্য পশ্চিমাঞ্চল রেলওয়ের এডিশনাল চিফ মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ বলেন, “ওই দিন নাশকতায় সিল্কসিটি ট্রেনের তিনটি বগি ভস্মীভূত হয়। এতে রেলের ৭ কোটি ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

বুধবার তদন্ত প্রতিবেদন পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) ফেরদৌস আলমের কাছে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।

গত ২ মার্চ রাত পৌনে ১০টায় রাজশাহী রেল স্টেশনে দাঁড়ানো অবস্থায় আন্তঃনগর ‘সিল্কসিটি’ ট্রেনের পেছনের তিনটি বগিতে আগুন দেয়া হয়। এতে তিনটি বগি ভস্মীভূত হয়।

ওই ঘটনায় রাজশাহী জিআরপি থানায় একটি মামলা দায়ের এবং ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে, ট্রেনে আগুন দেয়ার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তবে জামায়াত-শিবির কর্মীরা ট্রেনে এ নাশকতা চালিয়েছে তা তদন্তে নিশ্চিত হওয়া গেছে বলে রাজশাহী জিআরপি থানার ওসি আলমগীর হোসেন জানান।

তিনি বলেন, ট্রেনে নাশকতার ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।