ক্ষতিগ্রস্ত এলাকায় সাংসদ কেন গেলেন না, প্রশ্ন মিজানুরের
বাঁশখালীতে জামায়াত-শিবিরের তাণ্ডবের ন’দিন পরও স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে না যাওয়ায় ‘প্রশ্নের’ জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
বাঁশখালীতে জামায়াতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে অধ্যাপক মিজানুর রহমান বলেন, “বাঁশখালীতে সংখ্যালঘুদের ওপর হামলার ন’দিন পার হলেও এলাকার নির্বাচিত সংসদ সদস্যের পদধূলি সেখানে পড়েনি। এটি প্রশ্নের উদ্রেক করে।”
“একজন জনপ্রতিনিধি হয়ে এলাকার লোকদের পাশে দাঁড়ানোর সময় আর কখন?”, এ প্রশ্নও রাখেন তিনি।
বাঁশখালী আসনের বর্তমান সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। বিগত চারদলীয় জোট সরকারের আমলে তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ছিলেন।
ওই সময় ২০০৪ সালে বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ায় ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। জাফরুলের চাচাতো ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যান ওই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশের বিভিন্ন স্থানে জামায়াত তাণ্ডব চালায়। এর মধ্যে কয়েকটি জেলায় মন্দিরে হামলা হয়, পুড়িয়ে দেয়া হয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-দোকান।
বাঁশখালীতে জামায়াত-শিবিরকর্মীরা হামলা চালিয়ে উপজেলা প্রশাসন ভবন, আদালত ভবন ও ধোপাপাড়ায় সংখ্যালঘুদের সাতটি বসত ঘর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের দশটি দোকানে আগুন দেয়। ভাংচুর করা হয় সদরের কয়েকটি মন্দির। জামায়াত-শিবিরের হামলায় নিহত হন এক হিন্দু বৃদ্ধ।
সংবাদ সম্মেলনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, ২৮ ফেব্রুয়ারির হামলায় বাঁশখালীতে হিন্দুদের তিনটি মন্দির, ২৮টি দোকানপাট, সাতটি বসতঘরে ভাংচুর ও আগুন দেয়া হয়।
বাঁশখালীতে ওইদিন জামায়াত-শিবিরের তাণ্ডবে হিন্দু সম্প্রদায়ের ৬২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তথ্য দেন তিনি।
মিজানুর রহমান ২৮ ফেব্রুয়ারির হামলার বর্ণনা দিতে গিয়ে উল্লেখ করেন, সাম্প্রদায়িক শক্তি হামলার সময় বাঁশখালী উপজেলা প্রশাসনের ত্রিশ বছরের পুরনো দলিল, প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন বই যেখানে ইসলাম শিক্ষাও রয়েছে তাতে আগুন দেয়।
তিনি জানান, ধর্মীয় সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার পাশাপাশি হামলাকারীরা উল্লাস করে বলেছে ‘যতদিন নৌকায় ভোট দিবি ততদিন এ অবস্থা হবে’।
অধ্যাপক মিজানুর জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেন, “বিশেষ একটি রাজনৈতিক দল যারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মনে হয়েছে, যা দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ।”
তারা দেশের ধর্মনিরপেক্ষ চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রযন্ত্র কোনভাবেই নিরব থাকতে পারে না।
ওই হামলার সময় পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে নি বলেও মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
তিনি ধর্মীয় সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন তৈরি এবং করণীয়ও উল্লেক করা হবে বলেও জানারেন অধ্যাপক মিজানুর।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বর্তমান সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ।
