২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে নিহত যুবকের পরিচয় মিলেছে

রাজধানীর পুরানা পল্টনে জামায়াত-শিবির কর্মীদের মিছিল থেকে বোমা বিস্ফোরণের পর পুলিশের ধাওয়ায় পালানোর সময় ভবন থেকে পড়ে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

নিহতের নাম ফজলুর রহমান (২৪)। তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম বর্ষের ছাত্র ছিল বলে স্বজনরা জানিয়েছেন।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে ফজলুরের বড় ভাই সোলায়মান লাশ শনাক্ত করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ফজলুর ওই বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা করতেন। থাকতেনও ওই এলাকায়।

অবশ্য জামায়াত-শিবির রাজনীতির সঙ্গে ফজলুর জড়িত ছিল কি না জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।

শুক্রবার পুরানা পল্টনের ২৯/১ নম্বর হোল্ডিংয়ে ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারা যায় ফজলুর। পুলিশ ওই সময় ওই ভবনে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে।

নিহতের ফজলুর বাবার নাম মো. তোহা। গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনার মোহাম্মদপুরে।

এদিকে শুক্রবারের ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

মামলায় ২৯ জনকে আসামি করা হয়, যাদের সবাই গ্রেপ্তার রয়েছে বলে ওই থানার এসআই ফৌজিয়া খানম জানিয়েছেন।

তিনি বলেন, নিহত যুবকের ব্যাপারে কোন মামলা হয়নি। তবে পুলিশের ওপর হামলা, ককটেল ফাটানো, সরকারি কাজে বাধা দেয়া মাহমুদুল মামলাটি করেন।