যুদ্ধাপরাধের বিচারে প্রবাসীদের একতাবদ্ধ থাকার আহ্বান
নিউ ইয়র্কে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়ে প্রবাসীদের যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারীনেত্রী আয়েশা খানম।
তিনি বলেছেন, “যে স্বপ্ন নিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তা বাস্তবায়িত করতে সারাবিশ্বে প্রবাসী বাঙালিদের আবারো একতাবদ্ধ হতে হবে।”
শনিবার সকালে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় গণজাগরণ মঞ্চে সংহতি জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রজন্ম চত্বরের আন্দোলনে দেশের নারী সমাজ একাত্ম জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের নারী সমাজের পক্ষ থেকে আমরাও গণজাগরণ মঞ্চের সঙ্গে অনেক আগেই একাত্মতা প্রকাশ করেছি। গণজাগরণ মঞ্চের যে দাবি তা বাস্তবায়িত করতে আমরাও সোচ্চার রয়েছি।”
শাহবাগের গণজাগরণ মঞ্চের সমর্থনে যারা নিউ ইয়র্কসহ সারাবিশ্বের প্রবাসীদের সংগঠিত হয়ে রাজাকারমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক জনমত জোরদারে কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়েশা খানম।
জাতিসংঘে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্ক আসেন মহিলা পরিষদের প্রধান।
নিউ ইয়র্কে গণজাগরণ মঞ্চে সমবেত হয়ে প্রবাসীরা মন্দিরে হামলা, অগ্নিসংযোগ, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও হত্যার বিরুদ্ধে স্লোগান দেন।
মঞ্চে ঘোষণা দেয়া হয়, জামায়াত-শিবির নিষিদ্ধ এবং সব রাজাকারের ফাঁসির রায়ের প্রতি আন্তর্জাতিক মহলের সমর্থন জোরদার করতে আগামী ১৭ মার্চ জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসীদের মহাসমাবেশ হবে।
গণজাগরণ মঞ্চের এ কর্মসূচির প্রতি অর্ধশতাধিক সংগঠন সমর্থন জানিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নিউ জার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন্নবী।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জাকারিয়া চৌধুরী জানান, মহাসমাবেশের জন্য ইতোমধ্যে প্রশাসনের অনুমতি পাওয়া গেছে।
