২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাটে ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুৎ কেন্দ্রে সচিব

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় পরিদর্শন করেছেন বিদ্যুৎসচিব মনোয়ারুল ইসলামসহ ঊর্ধতন সরকারি কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 07:01 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

শুক্রবার সকাল ১০টার দিকে তিনি পল্লী বিদ্যুৎ কার্যালয়সহ ক্ষতিগ্রস্ত সাবস্টেশন, কোয়ার্টার ঘুরে দেখেন, যেখানে জামায়াত-শিবিরকর্মীরা কিছুদিন আগে ভাংচুর ও আগুন দিয়েছিল।

এ সময় তার সঙ্গে ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মইন উদ্দিন, জেলা প্রশাসক শাহ আলম, পুলিশ সুপার বশির আহমেদ, কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাসান শাহ নেয়াজসহ অন্যান্য কর্মকর্তারা।

এদিকে ঘটনা তদন্তে রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটি শুক্রবার থেকে কাজ শুরু করেছে।ওই দিন কমিটির আহবায়ক রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার অশোক কুমার কমিটির অপর দুই সদস্যসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির কর্মীরা কানসাট পল্লী বিদ্যুৎ সমিতিতে হামলা চালিয়ে এর কার্যালয় কর্মচারিদের কোয়ার্টার, সাবস্টেশন, রেস্টহাউজে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

হামলায় প্রায় দুইশ’ কোটি টাকার মালামাল পুড়ে যায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে। ফলে ৪০ হাজার গ্রাহক এখনও অন্ধকারে রয়েছে। বিদ্যুতের অভাবে সেচ দিতে না পারায় সাতশ’ ১০ হেক্টর জমির চাষাবাদ হুমকির মুখে পড়েছে।