নোয়াখালীর ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু এলাকায় দীলিপ বড়ুয়া-গওহর
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বসতি শুক্রবার পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
এ সময় তারা সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি অপরাধীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান।
শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া বলেন, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেনা, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এই তাণ্ডব ঘটিয়েছে।এ ঘটনা একাত্তরের পাক হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেন, “এ ঘটনা দেশ ও জাতির মাথা নত করে দিয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের কোন ধর্ম নেই, বিবেক নেই; এরা গুন্ডা বদমায়েশ।”
এলাকার হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধভাবে হামলাকারীদের মোকাবেলার আহ্বান জানান রিজভী।
গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই বেগমগঞ্জের রায়গঞ্জ বাজারে মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা।
ওই মিছিল থেকে রাজগঞ্জ বাজারের মন্দির, ঠাকুর বাড়ির সামনের মন্দির ও বাইন্নাবাড়ির মন্দির ভাংচুর হয় বলে বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুব আলম খান।
