‘এখনো সময় আছে সাবধান হোন’
‘গণহত্যা’ বন্ধ না হলে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা এম কে আনোয়ার।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “এখনো সময় আছে সাবধান হোন।”
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ষষ্ঠ কারাবন্দি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যৌথ বাহিনী তারেককে গ্রেপ্তার করে। পরে তিনি আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান। সেই থেকে সেখানেই অবস্থান করছেন।
দেশে আইনের শাসন নেই দাবি করে এম কে আনোয়ার বলেন, “একদেশে দুই আইন চলছে। সরকারি দল নিজেদের ক্ষমতার জোরে সাড়ে সাত হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে বিরোধী দলের নেতা খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুরনো মামলার পাশাপাশি নতুন করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে।”
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের প্রত্যাহারকৃত মামলা আবার পুনরুজ্জীবিত করা হবে বলে তিনি জানান।
তারেক রহমানের সুস্থতা কামনা করে দলের এই জ্যেষ্ঠ সাংসদ অভিযোগ করেন, ‘অবৈধ’ তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকার গত ৬ বছর ধরে তারেকের বিরুদ্ধে কুৎসা রটনা ও মিথ্যাচার করে যাচ্ছে। তৎকালীন সরকার তার বিরুদ্ধে ১৩ টি মিথ্যা মামলা দিয়েছিলো। আজ পর্যন্ত একটিও আদালতে প্রমাণ করতে পারেনি।
তিনি এমন আশাবাদও ব্যক্ত করেন যে, আগামীতে পুরোপুরি সুস্থ হয়ে লন্ডন থেকে দেশে ফিরে তারেক রহমান দেশ ও দলের নেতৃত্ব দেবেন।
সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক পিয়াস করীম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সহ শিল্প বিষয়ক সম্পাদক শাহজাদা মিয়া, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে তারেক রহমানের ৬ষ্ঠ কারাবন্দি দিবসের অপর এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকার যত ‘ষড়যন্ত্র ও চক্রান্ত’ করুক না কেন, তাদেরকে নির্দলীয় সরকারের দাবি মানতে হবেই। অপপ্রচার চালিয়ে তারেক রহমানের নেতৃত্বকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
মহানগর মৎস্যজীবী দলের সহসভাপতি ভিপি আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, খায়রুজ্জামান বুতু, আখতারুজ্জামান বাবুল, বাঁধন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
