ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে নয় সরকার: কাদের
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে সরকারের অবস্থান নেই বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার ফেনী শহরে পৌর ইমাম কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
সকালে ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে যোগাযোগ মন্ত্রী পৌর ইমাম কমিটি এবং জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।
এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা এসব কথা (ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ) বলে তারা অপপ্রচার করে সরকারকে বিপদে ফেলার ব্যবস্থা করছে।
তিনি ইমামসহ ধর্মপ্রাণ মানুষকে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এরা সংখ্যায় নগণ্য।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা আওয়ামী লীগ সভাপতি ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী উপস্থিত ছিলেন।
ইমামদের সঙ্গে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন ফেনী পৌর ইমাম কমিটির সভাপতি আবুল কাশেম, সম্পাদক মীর হোসেন প্রমুখ।
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময়ে সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, অরুণ দত্ত, শুসেন চন্দ্র লীল, সমীর কর প্রমুখ।
