বাবা-মা’র পাশে শায়িত হলেন জলিল
পারিবারিক কবরস্থানে বাবা-মা’র পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
বিকাল ৫টায় নওগাঁ শহরের এটিম মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর একই মাঠে দুই দফা জানাজা শেষে আব্দুল জলিলের মরদেহ নেয়া হয় শহরের চকপ্রাণ মহল্লায় তার নিজ বাড়িতে।
সেখানে মাগরিবের নামাজের পর আরেকবার নামাজে জানাজা শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাকে সমাহিত করা হয়।
শুক্রবার বেলা ২টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তার মরদেহ নওগাঁ স্টেডিয়ামে পৌঁছে। সেখান থেকে নেয়া হয় জেলা শহরের চকদেবপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের পাশে নিজ বাসভবনে।
এ সময় শোকার্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে। প্রিয় নেতাকে দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার নারী ও পুরুষ।
ঢাকা থেকে মরদেহের সঙ্গে নওগাঁ আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহম্মেদ, আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জেলার কয়েকজন সাংসদ ও পরিবারের সদস্যরা।
বিকাল সোয়া ৩টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আব্দুল জলিলের মরদেহ নেয়া হয় নওগাঁ এটিম মাঠে। এখানে দলীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল জলিলের মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছে।
আব্দুল জলিল ১৯৪১ সালের ২১ জানুয়ারি নওগাঁয় জন্মগ্রহণ করেন। তিনি নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।
তিনি ১৯৭৩, ১৯৮৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর একটি চিঠিতে দল ও দলীয় প্রধান শেখ হাসিনাকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেন এই আওয়ামী লীগ নেতা।
