রেল স্টেশনে বসবে স্ক্যানার ও আর্চওয়ে
রেলে সাম্প্রতিক নাশকতার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার জন্য স্টেশনগুলোতে স্ক্যানার ও আর্চওয়ে বসানোর উদ্যোগ নিচ্ছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে মহাপরিচালক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে দেশের গুরুত্বপূর্ণ ৬৫টি স্টেশনের নিরাপত্তা বাড়াতে এ উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে।
যেসব স্টেশনগুলোতে আন্তঃনগর ট্রেনগুলোর বিরতি দেয় সেসব স্টেশনগুলোকে নিরাপত্তার আওতায় নিয়ে আসার জন্যই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর বিভিন্ন স্থানে রেলপথ ঘিরে প্রায় ৬০টি নাশকতায় সাড়ে ৮ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে রেল কর্তৃপক্ষ বলছে।
আবু তাহের বলেন, “এ ধরনের নাশকতা প্রতিরোধেই স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য উদ্যেগ নেয়া হচ্ছে।”
এর মধ্যে রাজশাহী স্টেশনে সিল্ক সিটির তিনটি কোচ এবং ঢাকার কমলাপুর স্টেশনে উপকূল এক্সপ্রেসে আগুন দেয়া হয়।
রাজশাহীতে পুড়ে যাওয়া তিনটি কোচ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তাহের বলেন, এ কোচগুলো আর মেরামত করা সম্ভব হবে না।
রেলের সম্পদ সীমিত তাই গত কয়েকদিনের নাশকতায় ক্ষতি পোষাতে সময় লেগে যাবে বলেও জানান তিনি।
গত রোববার বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জিআরপির (রেলওয়ে পুলিশ) সাড়ে ১৪শত সদস্য ও আরএনবির (রেল নিরাপ্ত্তা বাহিনী) ২ হাজার তিনশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয় রেলপথ মন্ত্রণালয়।
জামায়াত-শিবির সারা দেশে রেলের উপরে যে ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে তা প্রতিরোধে রেলব্রিজ পাহারার ব্যবস্থা করা, লোকোমোটিভ শেড নিরাপত্তায় স্থানীয়দের সহায়তা চাওয়া, জ্বালানি তেলবাহী ট্যাঙ্কগুলোয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা, স্পর্শকাতর জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করারও সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
