পল্টনে বিস্ফোরণ, মতিঝিলে গ্রেপ্তার শতাধিক
রাজধানীর পুরানা পল্টন এলাকায় জুমার নামাজের পর বিক্ষিপ্ত মিছিল বের করে হাতবোমা ফাটিয়েছে জামায়াত কর্মীরা।
নাশকতা এড়াতে রাজধানীর বায়তুল মোকাররম, পুরানা পল্টন, মৎস্যভবন ও দৈনিক বাংলাসহ বিভিন্ন এলাকা থেকে সন্দেভাজন শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আশিক হোসেন জানান, জুমার নামাজের পরপরই পুরানা পল্টন কালভার্ট রোডে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সেখানে হাতবোমা বিস্ফোরিত হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থল থেকে সুলতানউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এছাড়া পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে একটি বাড়ির নয়তলার ওপর থেকে পড়ে গুরুতর আহত হন এক তরুণ।
তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ তার পরিচয় জানাতে পারেনি।
এদিকে জুমার আগে বায়তুল মোকাররম দক্ষিণ গেইট থেকে তিন মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়।
পল্টন থানার সার্জেন্ট মুশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্রোপচারের কাজে ব্যবহার হয় এমন তিনটি ধারালো ব্লেড পাওয়া গেছে ওই তিনজনের কাছে।
আটক এই তিনজন হলেন- মাইনুদ্দিন, নেয়ামতুল্লাহ ও জহির। তারা সবাই পুরান ঢাকা গেণ্ডারিয়ার ফরিদাবাদ জামিয়া আরাবিয়া ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী। সবার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান জানান, নাশকতা সৃষ্টির জন্য সন্দেভাজন হিসেবে বায়তুল মোকাররম, পুরানা পল্টন, মৎস্যভবন ও দৈনিক বাংলাসহ মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকা থেকে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
