নারী দিবসের প্রথম প্রহরে ‘আঁধার ভাঙ্গার শপথ’
কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল ও মোমবাতি জ্বালিয়ে নারী নির্যাতন বন্ধের অঙ্গীকারের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহর।
এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার প্রথম প্রহরে শহীদ মিনারে ‘আঁধার ভাঙ্গার শপথ’ শীরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’। সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।
নারী দিবস উদযাপনের ইতিহাস শতবর্ষ পেরিয়েছে। নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম থেকে যার সূচনা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে শুরু হয় অনুষ্ঠান। নাচ, গান, পথনাটকের মধ্যে দিয়ে সময় গড়ায় প্রথম প্রহরে।
এরপর মশাল ও মোমবাতি জ্বালিয়ে শপথ নেন আমরাই পারি জোটের নারী নির্যাতন প্রতিরোধে সদস্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের কয়েকশ’ শিক্ষার্থী মোমবাতি হাতে শহীদ মিনারের এই কর্মসূচিতে অংশ নেন।
দেশের আরো ৪৮টি জেলায় একঈসঙ্গে পালিত হয় মশাল প্রজ্বলন কর্মসূচি।
আমরাই পারি’র সমন্বয়ক জিনাত আরা হক বলেন, “আমরা জানি নারীর চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে মনের আঁধার, রাতের আঁধার নয়। তাই রাতের আঁধারেই আমরা একত্রিত হয়েছি। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে মশাল জ্বালিয়ে নির্যাতনকারীদের প্রতি ধিক্কার জানাই আমরা।”
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আমরাই পারি’র চেয়ারপার্সন সুলতানা কামাল। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
অন্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় কমিটির প্রধান মেহের আফরোজ চুমকিসহ বিশিষ্ট জনেরা এ সময় উপস্থিত ছিলেন।
