জয়পুরহাটে ‘মুসলমান’ বানানো: জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৬ আওয়ামী লীগ সমর্থককে তওবা পড়িয়ে যথার্থ ‘মুসলমান’ বানানোর ঘটনায় জড়িতদের ৭ দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ স্বতপ্রণোগিত হয়ে এই আদেশ দেয়।
নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে না পারলে স্থানীয় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আদালত।
একইসঙ্গে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে উচ্চ আদালত।
১০ দিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব, জয়পুরহাটের জেলা প্রশাসক, জেলার পুলিশ সুপার, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘জামায়াত মেকস এএল মেন মুসলিম’ শিরোনামে ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এতে বলা হয়, ২২ থেকে ৪৫ বছর বয়সী এই ১৬ আওয়ামী লীগ সমর্থক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।কিন্তু জামায়াত নেতাদের মতে, জামায়াতে ইসলামীর রাজনীতি না করে আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তারা ‘যথেষ্ট পরিমাণে মুসলিম’ নয়।
‘তাই তাদেরকে যথাযথ মুসলিম করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা জামায়াতের লোকেরা ১৬ আওয়ামী কর্মীকে ধরে নিয়ে আসে, বাধ্য করে মসজিদে প্রবেশ করতে। এরপর তাদেরকে তওবা পড়ায়।’
‘তওবায় তাদেরকে দিয়ে বলানো হয়, আওয়ামী লীগকে সমর্থন করার কারণে আমরা অমুসলিম হয়ে গিয়েছিলাম। আবার মুসলমান হতে এখন আমরা জামায়াতের সঙ্গে যুক্ত হতে প্রতিজ্ঞা করছি। যারা আওয়ামী লীগ সমর্থন করে তারা ইহুদি। আমরা যদি এই প্রতিজ্ঞা ভাঙ্গি, তাহলে আবার আমরা অমুসলিম হয়ে যাবো। আমিন...।’
গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৩ শত গ্রামবাসীর উপস্থিতিতে ভারাহুতা জামে মসজিদে এই তওবা পড়ানো হয়।
পার্শ্ববর্তী একটি মসজিদের ইমাম মইজ উদ্দিন এই তওবা পরিচালনা করেন। যেখানে স্থানীয় জামায়াত নেতা জাফির উদ্দিন, বিএনপির কর্মী আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, বিএনপির স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আবদুর রহিম, জামায়াত নেতা আবদুল মালেক মাস্টার, সিদ্দিক, আলি মুস্তাফাবিয়া ফাজিল মাদরাসার অফিস সহকারি আশরাফ আলীর তত্ত্বাবধানে এই তওবা করানো হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল মিয়া সিরাজুল ইসলাম। পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তওবার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আদালত ৭দিন সময় দিয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে রুল জারি করে ১০ দিনের মধ্যে বিবাদীদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মন্দির ভাংচুর নিয়ে রুল
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মন্দির ভাঙচুরের ঘটনায় জড়িতদের ৭ দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে একই বেঞ্চ এই আদেশ দেয়। আদেশে আক্রান্ত এলাকায় পুলিশি নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেয়া হয়।
একইসঙ্গে ভাংচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, রুলে তা জানতে চায় আদালত।
স্বরাষ্ট্র সচিব, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, লৌহজং থানা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে ১০দিন সময় দেয়া হয়েছে।
