২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই উদ্যানে মিলল জনতা

চার দশক আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ময়দানে বাঙালির মুক্তিসংগ্রামের ডাক দিয়েছিলেন, সে মাঠেই কলঙ্কমুক্তির দাবি নিয়ে সমবেত হয়েছে ছাত্র-জনতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 10:12 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের সমাবেশে যোগ দিতে এসেছেন তারা।

১৯৭১ সালের৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষের সমাবেশে পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তার ওই ডাকেই ২৬ মার্চ শুরু হয় মুক্তিসংগ্রাম, নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনেন এদেশের শ্রেষ্ঠ সন্তানরা।

ওই রেসকোর্স ময়দানের পরবর্তীতে নাম হয় সোহরাওয়ার্দী উদ্যান। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় জাগরণের ক্ষণে বঙ্গবন্ধুর সেই ভাষণের দিনে সেখানে এই সমাবেশের আয়োজন করেছে জাগরণ মঞ্চ।

হরতাল প্রত্যাখ্যান করে দুপুর থেকেই সেখানে আসতে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন বেদীর পিছন দিকে করা অস্থায়ী মঞ্চকে সামনে রেখে সারিবদ্ধভাবে বসে আছেন উপস্থিতরা। যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে অবিরাম স্লোগান দিয়ে চলেছেন তারা।

যুদ্ধাপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই গণআন্দোলনে শরিক হয়েছেন রিকশাচালক থেকে মন্ত্রী, স্কুল শিক্ষার্থী থেকে মুক্তিযোদ্ধারা।

যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে এই আন্দোলন শুরু হয়। পরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি তোলে তারা।