ফের বাড়ছে মূল্যস্ফীতি
জানুয়ারি মাসে সামান্য কমে এলেও ফেব্রুয়ারি মাসে আবার বাড়তে শুরু করেছে মূল্যস্ফীতি।
মূল্যস্ফীতি বেড়েছে ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে করা পুরনো হিসাবেও। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৮৭ শতাংশ। জানুয়ারিতে এ হার ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, “মূলত চাল, আটা, ডাল, মাছ-মাংস মসলা, তেল ও দুধের মূলবৃদ্ধির কারণে জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে।”
এছাড়া খাদ্যবহির্ভূত খাতে পরিধেয় বস্ত্র, আসবাসপত্র, গৃহস্থালীর সামগ্রী, পরিবহন, শিক্ষা উপকরণ এবং অন্যান্য দ্রব্য ও সেবার মূল্য বাড়ায় মূল্যস্ফীতি ঘটেছে বলে বিবিএস প্রধান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন হিসাবে ফেব্র্রুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। জানুয়ারিতে এ হার ৫ দশমিক ০২ শতাংশ ছিল।
তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ৪৪ শতাংশ হয়েছে। জানুয়ারিতে এ হার ছিল ৯ দশমিক ০৯ শতাংশ।
পুরনো হিসাবে খাদ্য খাতে মূল্যস্ফীতি জানুয়ারির ৭ দশমিক ২১ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে ৮ দশমিক ৩১ শতাংশ হয়েছে।
আর খাদ্যবহির্ভূত খাতে ৭ দশমিক ৭৯ শতাংশ থেকে কমে হয়েছে ৭ দশমিক ১২ শতাংশ।
আগামী জুন পর্যন্ত নতুন-পুরনো দুই হিসাবেই মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হবে বলে মোস্তফা কামাল জানান।
গত ১৮ জুলাই পরিসংখ্যান ব্যুরোর টেকনিক্যাল কমিটির সভায় ২০০৫-০৬ ভিত্তি বছরের সিপিআই (ভোক্তার মূল্য সূচক) অনুমোদন দেয়া হয়। সে ভিত্তিতে ২০০৫-০৬ ভিত্তি বছরের পাশাপাশি ১৯৯৫-৯৬ ভিত্তিবছরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হচ্ছে।
