২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের ‘বন্ধুকে’ ফুল দিয়ে ‘স্যালুট’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ফুল দিয়ে সন্মান জানাবে স্যালুট নামের একটি অনলাইন একটিভিস্ট গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 05:58 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

শুক্রবার সকাল ১১টায় পল্টন, মতিঝিল, প্রেসক্লাবসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ফুল হাতে রাস্তায় দাঁড়াবে এ গ্রুপের সদস্যরা।

স্যালুটের উদ্যোক্তা জিনাত জোয়ার্দার রিপা বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “পুলিশ জনগণের বন্ধু- এ কথাটি আমরা শুধু শুনেই আসছি। কিন্তু কখনো কি চেষ্টা করেছি এই বন্ধুদের সামান্যতম সম্মান দিতে?”

পেশাগত দায়িত্ব পালনে পুলিশের ‘ত্যাগের কথা’ মনে করিয়ে দিয়ে রিপা আরো বলেন, “নানা সময়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের নিরাপত্তা দিতে গিয়ে অকাতরে প্রাণ দিয়েছেন। কখনও কি আমরা ভেবেছি যে তাদেরও পরিবার আছে? আমরা কেউ কি ভাবি সে মারা যাবার পর তার পরিবার কীভাবে চলবে?”

এসব ভাবনা থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের ‘স্যালুট’ গ্রুপটি পুলিশকে সম্মান জানানোর এ উদ্যোগ নিয়েছে বলে জানান রিপা।

তিনি বলেন, “হরতালে ঝিনাইদহে একজন পুলিশ সদস্যের করুণ মৃত্যুর ছবি পত্রিকায়

প্রকাশের পর আমরা দেখেছি অন্য পুলিশ সদস্যদের মুখে কোন ভাষা ছিল না। ওই দিনই আমরা কয়েকজন বন্ধু মিলে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেইট, শাহবাগ, নীলক্ষেত, নিউমার্কেটসহ কয়েকটি এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লাল গোলাপ দেই। ত্যাগের জন্য তাদের কৃতজ্ঞতা জানাই।”

গত সোমবার সোনারগাঁও হোটেল এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য নুরু মিয়াকেও লাল গোলাপ উপহার দেয় ‘স্যালুট’।

নুরু বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাদের ফুল পেয়ে আমার পুলিশ জীবন সার্থক হয়েছে। সারা জীবন শুধু মানুষের গালাগালই শুনেছি।”

তবে ফুলের চেয়ে নিরাপত্তার দিকটি নিয়ে ভাবা জরুরি বলে মনে করেন নুরু মিয়া। স্যালুট সদস্যদের সাবধানে থাকারও পরামর্শ দেন।

যারা স্যালুটের এই কর্মসূচিতে অংশ নিতে চান, ৮ মার্চ সকাল ১১টায় তাদের শাহবাগে ফুলের দোকানগুলোর সামনে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন এই গ্রুপের সদস্য শুভ।