২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল যুবদল শিবির সভাপতির বিরুদ্ধে মামলা

পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শিবির সভাপতিসহ  দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 04:23 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

পল্টন থানার ওসি গোলাম সারোয়ায় জানান, উপ পরিদর্শক তাহের ভূইয়া বুধবার রাতে বিস্ফোরক আইনে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ হাবীব , যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক সারাফত আলী সপু, ইসলামী ছাত্র শিবির সভাপতি দেলাওয়ার হোসেন ও সক্রেটারি জেনারেল মো. আব্দুল জব্বারসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো দেড়শ’ নেতাকর্মীকে আসামি দেখানো হয়েছে।

ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

ওসি জানান, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম ও ফকরুদ্দিন মানিককেও আসামি করা হয়েছে এ মামলায়।

এছাড়া ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুর নাম রয়েছে আসামির তালিকায়।

এ মামলায় বুধবার রাত পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গোলাম সারোয়ার জানান।

বৃধবার বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হঠাৎ করে বোমাবাজি ও সংঘর্ষ শুরু হলে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়।

পুলিশ এই সংঘর্ষের জন্য বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে দায়ী করেছে।

অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, সরকার পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করে তাদের সমাবেশ পণ্ড করেছে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।