২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলেম হত্যার ষড়যন্ত্র: ৮ শিবিরকর্মীর মুক্তি দাবি 

চট্টগ্রামে ১০ আলেমকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার শিবিরকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেছে জামায়াতে ইসলামী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 05:17 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

৪৮ ঘন্টার মধ্যে তাদের মুক্তি দেয়া না হলে নগরীর পাঁচলাইশ ও বাকলিয়া থানার অবস্থা জেলার বাঁশখালী থানার মত হবে বলেও হুমকি দিয়েছেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী।

এসময় তিনি পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশকেও হুমকি দেন।

বুধবার বিকালে বন্দরনগরীর সিরাজদৌল্লা রোডের সমাবেশ থেকে এ হুমকি দেয়া হয়।

গত সোমবার চট্টগ্রামের মুরাদপুর থেকে স্থানীয় ১০ আলেমের নামের তালিকাসহ (হিটলিস্ট) ইসলামী ছাত্রশিবিরের আট কর্মীকে আটক করে পুলিশ। এই আলেমদের হত্যা করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা তারা পুলিশের কাছে স্বীকার করেছে।

নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে মিছিল নিয়ে সিরাজদৌল্লা রোড এলাকার প্যারেড মাঠের পূর্ব গেটে অনুষ্ঠিত সমাবেশ শেষের সময় ককটেল বিস্ফোরণ ও মোটর সাইকেলে আগুন দেয় জামায়াত কর্মীরা।

সমাবেশে শাহজাহান চৌধুরী দাবি করেন, আলেম হত্যার পরিকল্পনার বিষয়টি পুলিশের ‘সাজানো নাটক’।

এছাড়া, সমাবেশে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ‘সাঈদী মুক্ত মঞ্চ’ করারও ঘোষণা দেয়া হয়।

নগর জামায়াতের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।  

গত বৃহস্পতিবার সাঈদীর ফাঁসির আদেশের পর বাঁশখালীতে তাণ্ডব চালায় জামায়াত-শিবিরকর্মীরা। এসময় তারা বাঁশখালীর বিভিন্ন সরকারি অফিস ও স্থাপনা ভাংচুরের পাশাপাশি বাঁশখালী থানা ঘেরাও করে রাখে দীর্ঘক্ষণ।