২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ-বোমা-গুলি, পণ্ড বিএনপির সমাবেশ

সংঘর্ষের কারণে নয়া পল্টনে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বুধবার বিকালে সমাবেশ শুরুর কিছু সময় পর সমাবেশস্থল নয়া পল্টনের পশ্চিম দিকে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় পুলিশকে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়তে দেখা গেছে। অন্যদিকে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটতে দেখা যায়। 

বিএনপি নেতারা দাবি করেছে, পুলিশ গুলি চালিয়েছে এবং এতে আহত হয়েছেন কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান, আমানউল্লাহ খান ও আব্দুস সালামসহ বেশ কয়েকজন।

অন্যদিকে পুলিশ দাবি করেছে, বিএনপির এই সমাবেশ ভণ্ডুল করতে জামায়াতকর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

সারাদেশে জামায়াতি তাণ্ডবের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির প্রতিবাদে হরতালের পর বুধবার বিক্ষোভ সমাবেশ ডাকে বিএনপি।

বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ শুরু হয়।

মঞ্চে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, আমান উল্লাহ আমানসহ নেতারা।

বিকাল সাড়ে ৪টার দিকে দলের সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ বক্তব্য শুরুর কয়েক মিনিটের মধ্যে কাকরাইলের দিকে নাইটিঙ্গেল মোড়ের সামনে সংঘর্ষ শুরু হতে দেখা যায়।

এর পরই পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়তে শুরু করে। এতে সমাবেশে নেতা-কর্মীরা এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকে।

মাইক থেকে নেতারা কর্মীদের শান্ত হওয়ার আহবান জানান। এর মধ্যে একদল কর্মী মঞ্চ ঘিরে ব্যানারের লাঠি হাতে নিয়ে স্লোগান শুরু করে।

এর পরপরই পুলিশ নাইটিঙ্গেল মোড় থেকে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে আসতে শুরু করে। একই সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটে।

তখন পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে। নেতারা সবাই দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন।

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, “নাইটিঙ্গেল মোড়ের দিকে গ্যানজামের খবর পাই। আমাদের ধারণা, সরকারি দলের লোক পূর্ পরিকল্পিতভাবে হামলা চালাতে আসছিল। এরপরই পুলিশ গুলি চালাতে চালাতে এদিকে আসে।”

নজরুল ইসলাম খান, আব্দুস সালামসহ অনেকে পুলিশের গুলিতে আহত হন বলে দাবি করেন তিনি।

আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফারুক।

সোয়া ৫টার দিকে নজরুল ইসলাম খানসহ কয়েকজন দলীয় কার্যালয় থেকে বেরিয়ে আসেন। এদের কয়েকজনের দেহে ছররা গুলির চিহ্ন দেখা গেছে।

তিন-চারটি অ্যাম্বুলেন্সে করে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

ওই সময় ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসানও সেখানে যান।

তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের কাছে আগেই খবর ছিল, বিএনপির আজকের বিক্ষোভ-সমাবেশে জামায়াত-শিবির নাশকতা করতে পারে।”

এই বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে জানিয়ে মেহেদী হাসান বলেন, “তারা (বিএনপি নেতা) আমাদের নিশ্চয়তা দিয়েছিল যে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটবে না।”

“কিন্তু বিএনপির সমাবেশ শেষ হওয়ার আগে আগে স্কাউট মার্কেটের সামনে জামায়াতের ব্যানারধারী ২০/২৫ জনের একটি দল পুলিশের ওপর হামলা করে। প্রায় একই সময় কালভার্ট রোড ও শান্তিনগর মোড়ে জামায়াত-শিবির কর্মীরা দলীয় ব্যানার নিয়ে পুলিশের ওপর হামলা করে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাসের পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানান তিনি।

বিএনপির এই সমাবেশের দিন জামায়াতে ইসলামীও সমাবেশের ডাক দিয়েছিল। যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে এই সমাবেশ ডাকে দলটি।

পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে। কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে। ওই এলাকায় গাড়ি চলাচলও বন্ধ হয়ে গেছে।