কুমিল্লায় ঢিলেঢালা হরতাল
কুমিল্লায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল হচ্ছে ঢিলেঢালাভাবে।
বুধবার হরতালে শহরে রিকশাসহ ছোট যানবাহন চলাচল করছে, নগরীর অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার ছিল কম।
মঙ্গলবার হরতাল চলাকালে নগরীর কান্দিরপাড়ে বিএনপি কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের ওপর হামলা এবং গুলিবর্ষণের প্রতিবাদে জেলা সদরে বুধবারের এ হরতালের ডাক দেয় জেলা বিএনপি।
হরতালে বিএনপির দুটি পক্ষ পৃথক অবস্থান নিয়েছে।
অপরদিকে হরতালবিরোধী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে অবস্থান নিয়েছেন।
১০০ গজের মধ্যে তিনটি পক্ষ অবস্থান করায় সেখানে ব্যাপক পুলিশ রয়েছে।
হরতাল চলাকালে নগরীর এস এ পরিবহনের কার্যালয়ের পাশের গলি থেকে পুলিশ ১৮টি ককটেল উদ্ধার করেছে।
সকাল ৯টায় পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয় বলে জানান কোতয়ালী মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।
হরতালে পিকেটিংয়ের সময় ৩ জনকে আটক করা হয়েছে।
