২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম জামিন চান ফখরুল

বিক্ষোভ মিছিল  থেকে ভাংচুর ও গাড়িতে  অগ্নিসংযোগের মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 06:50 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

Image
মির্জা ফখরুলের বাসায় পুলিশের ‘তল্লাশি’

মির্জা ফখরুলের বাসায় পুলিশের ‘তল্লাশি’

বুধবার সকাল ১০টার দিকে বিএনপি নেতারা হাই কোর্টে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন।

তারা বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও শেখ মো. জাকির হোসেনের আদালতে জামিনের আবেদন করলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন রাখেন বলে বিএনপি নেতাদের আইনজীবী একেএম এহেসানুর রহমান জানান।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দীন খোকন।

গত শনিবার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে রাজধানীর শান্তিনগর-মালিবাগ এলাকায় ভাংচুর ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পাঁচটি মামলা করে পুলিশ, যাতে প্রধান আসামি করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, সাবেক ছাত্র দল সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৩৭ জন নেতৃবৃন্দ এবং অজ্ঞাতনামা সহস্রাধিক কর্মীকে আসামি করা হয় এসব মামলায়।

ওই পাঁচ মামলার মধ্যে রমনা মডেল থানায় দুটি, পল্টন থানায় দুটি এবং শাহজাহানপুর থানায় একটি মামলা হয়। পল্টন থানায় দু’টির মধ্যে একটি দ্রুত বিচার আইনে এবং অপরটি বিস্ফোরক আইনের মামলা।

এর আগে গত বছর ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধে ভাংচুরের ছয় মামলায় ৫৪ দিন কারাগারে কাটাতে হয় ফখরুলকে। গত ৫ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান।

আর গতবছরও হরতালে ভাংচুরের মামলায় মাসখানেক কারাগরে ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।