২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গি সংশ্লিষ্টতা থাকলে শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে তদন্তে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 06:49 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।

সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে ব্লগার রাজীব হায়দারের হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এর সঙ্গে শিক্ষকরা জড়িত থাকলে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, “ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে, আমি নিজেও গতকাল (মঙ্গলবার) সেখানে গিয়েছিলাম এবং তারা জানিয়েছে, তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে”।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চলাচল পর্যবেক্ষন এবং ক্লাসে ঢোকার সময় তল্লাশির ব্যবস্থা নিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

ইতিমধ্যে ৫ ছাত্রকে বহিস্কার করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শুধু ছাত্র নয়,  কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিষয়ে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে তদন্ত করে মন্ত্রনালয়ের আইন ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি তৎপরতা বন্ধ করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে শিক্ষকদের প্রশিক্ষনও দেয়া হয়েছে।

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দায়কে হত্যায় জড়িত অভিযোগে প্রেপ্তার পাঁচ ছাত্রকে গত সোমবার বহিস্কার করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।