তাণ্ডবের বর্ণনায় চোখ ছলছল পবিবো চেয়ারম্যানের
তাণ্ডব ও লুটপাটের বর্ণনা দিতে গিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) চেয়ারম্যানের ছলছল চোখের ভাষা বলে দিচ্ছিল কী তাণ্ডব চালানো হয়েছে কানসাটের পল্লী বিদ্যুৎ সমিতির দপ্তরে। যারা শুনছিলেন তাদের চোখও ছলছল করে ওঠে।
ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দীন, যিনি পবিবো’র চেয়ারম্যান, বললেন- এমন নারকীয় তাণ্ডব জীবনে কখনো দেখেননি।
“ধ্বংসযজ্ঞে গিয়ে আমি যা দেখেছি তা দেখে কোনো মানুষ কান্না থামাতে পারবে না। ওইসব পরিবার কীভাবে যে দিন কাটাচ্ছে, তা চোখে না দেখলে বোঝানো যাবে না।”
তিনি জানান, কানসাটে পল্লী বিদ্যুৎ সমিতির দপ্তর অবরুদ্ধ করে রেখে প্রায় পাঁচ ঘণ্টা ধরে লুটপাট ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির। নিঃস্ব হয়েছেন সেখানে কর্মরত ৪৩টি পরিবার। প্রায় সমস্ত মেশিনপত্র ও মালামাল পুড়িয়ে দেয়া হয়েছে।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের দিন ২৮ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে এই তাণ্ডব চালায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দাবি, তাণ্ডবে প্রায় ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলার ভয়াবহ চিত্র তুলে ধরতে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) করা হয় এই সংবাদ সম্মেলন।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি সদস্য সেলিম মাহমুদ বলেন, “বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্থাপনায় এর আগে এতো বড় হামলা আর কখনোই হয়নি। তাই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি।”
ব্রিগেডিয়ার মঈন বলেন, “ধ্বংসযজ্ঞের পর বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ওই অঞ্চলের ৪৫ হাজার গ্রাহক ও ২৩০০ কৃষি সেচ পাম্প। বিদ্যুতের অভাবে প্রায় ৮ হাজার হেক্টর জমির সেচ বিঘ্নিত হচ্ছে।”
এগুলো সচল করতে অন্তত দুই সপ্তাহ লাগবে বলে জানান তিনি।
ঘটনার বিবরণ তুলে ধরে মঈন বলেন, “দুপুর দেড়টার দিকে কিছু হরতাল সমর্থক সেখানে গিয়ে ইট ছোড়ে, ভাংচুর করে এবং আগুন লাগিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরই ১০ থেকে ১৫ হাজার মানুষ সমিতি কার্যালয়ে একসঙ্গে ঢুকে পড়ে। তারা সমিতির কর্মকর্তাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের বাইরে বের করে দিয়ে লুটপাট শুরু করে। এরপর শুরু হয় অগ্নিকাণ্ড।
“যানবাহন, সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ, সাবস্টেশন, আবাসিক ও অফিস ভবন, স্টোর ইয়ার্ড, সব দলিল দস্তাবেজ এবং স্থাবর-অস্থাবর সম্পত্তিতে আগুন দেয়া হয়। এভাবে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা একটানা লুটপাট ও অগ্নিসংযোগ চলে।”
আইনশৃঙ্খলা বাহিনী ও অগ্নিনির্বাপক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও রাস্তায় বাধার কারণে তারা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে জানান তিনি।
বাধা সরিয়ে ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে এবং ৩০ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে পুড়ে যাওয়া ও লুট হওয়া সরঞ্জাম ও মালামালের মধ্যে রয়েছে- ১৫ এমভিএ সাব স্টেশন, বিভিন্ন ধরনের চারটি ট্রান্সফরমার, বিভিন্ন সাইজের সাতটি ভোল্টেজ রেগুলেটর, সাতটি ফেজ ও ৩৩ কেভি সার্কিট ব্রেকার একটি।
এছাড়াও রয়েছে ২৫টি মোটরসাইকেল, একটি জিপ, একটি পিক-আপ, লাইন নির্মাণ সরঞ্জাম, বিতরণ ট্রান্সফরমার, ওয়ার্কশপের সব যন্ত্রপাতি, সব কম্পিউটার, বিলিং ও স্টোর ম্যানেজমেন্ট সার্ভার, নিরাপত্তা ক্যামেরা, সোলার প্যানেল, সেচ পাম্প, সহস্রাধিক বৈদ্যুতিক মিটার এবং সোনার গহণা, টাকা, পোশাকসহ বাসভবনের সব মালামাল।
তিনতলা একটি অফিস ভবন, একটি ডুপ্লেক্স রেস্ট গাউজ, একটি সি-টাইপ আবাসিক ভবন, একটি ডি-টাইপ তিনতলা ভবন, একটি ই-টাইপ দোতলা ভবন এবং একটি এফ-টাইপ চারতলা ভবনে আগুন দেয়া হয়েছে।
পবিবো চেয়ারম্যান বলেন, “এ ধ্বংসযজ্ঞে প্রায় ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি জানান, সার্ভার নষ্ট হয়ে যাওয়ায় বিল করতেও সমস্যা দেখা দেবে। এছাড়া সরকারের ও বিদেশি অর্থায়নে ওই অঞ্চলে বিদ্যুত খাতের যে উন্নয়মূলক কাজ চলছিল তাতেও ব্যাঘাত ঘটার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
“আর সবচেয়ে বড় সমস্যা, ওখানে কর্মকর্তাদের মনোবল ভেঙে গেছে। তারা ওখানে থেকে কাজ করার সাহস পাচ্ছে না।”
অগ্নিকাণ্ড ও লুটের ঘটনায় একাধিক তদন্ত কমিটি ও তিনটি মামলা হয়েছে বলে জানান মঈনুল।
এ ঘটনায় কাদের আসামি করা হয়েছে জানতে চাইলে মঈন বলেন, “আমাদের কর্মকর্তা-কর্মচারীরা যাদেরকে চিনেছেন মামলায় তাদের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই স্থানীয় এবং ওইদিনের হরতাল সমর্থকরাই এটা করেছে।”
সেলিম মাহমুদ বলেন, “এখানে পাকিস্তানের কায়দায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে হামলা করা হয়েছে। এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
