২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বোমা হামলা, এক জনের মৃত্যু

হরতাল চলাকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোমা হামলায় এক আওয়ামী লীগকর্মীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 12:59 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

মঙ্গলবার দুপুরে ইসলামী ছাত্র শিবিরকর্মীরা এ হামলা চালায় বলে দাবি করেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

কলারোয়া থানার ওসি শিকদার আক্কাস আলী বলেন, বিকালে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুকুর আলী (৪০) মারা যান।

আহতরা হলেন উপজেলার বদ্দীপুর গ্রামের মউফুল ইসলাম (৫০), হেলাতলার আনছার আলী (৪০), জিয়ারুল ইসলাম (৩৫), শাকদহার আব্দুল আলিম (৩২) ও কলারোয়ার আবু তাহের বাবলু (৩৫)।

এদের মধ্যে তিনজন যশোর সদর হাসপাতালে এবং দুইজন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শুকুর আলী উপজেলার কোটা গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগকর্মী বলে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

লাল্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কার্যালয়ে বোমা হামলার সময় তিনি (ভাইস চেয়ারম্যান) ও কলারোয়া যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম লাল্টু সেখানে উপস্থিত ছিলেন।

“আমি নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে ছিলাম। এ সময় মুখে কাপড় বাঁধা শিবির ক্যাডাররা আমার ঘর লক্ষ্য করে বোমা হামলা চালায়,” বলেন লাল্টু।