২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যের অধিকার নিয়ে এবারের নারী দিবস

আন্তর্জাতিক নারী দিবসে নারীর তথ্য পাওয়ার অধিকারের উপর গুরুত্বারোপ করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 11:01 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, সরকারিভাবে ৮ মার্চ নারী দিবসের প্রতিপাদ্য, “নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার”

তিনি বলেন, “বিভিন্ন সেবা সম্বন্ধে সুস্পষ্ট তথ্যের অভাবে প্রান্তিক এলাকার নারীরা এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই নারীদের প্রাপ্ত সেবা নিশ্চিত করতে প্রথমে তাদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।”

আর একারণেই এ বছর ওই প্রতিপাদ্য ঠিক ঠিক করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া নারীদের মধ্যে দারিদ্র্য নিরসনে সরকারি নানা উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “ইতিমধ্যে ধানমণ্ডিতে জয়ীতা নামে একটি শপে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এর একটি শাখা থোলো হবে হালুয়াঘাটে। সেখানে নারীদের পরিচালনায় একটি মার্কেট তৈরিরও পরিকল্পনা নেওয়া হয়েছে।”

“ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এ কার্যক্রমের অনুমতি পাওয়া গেছে। আশা করি খুব শীঘ্রই আমরা কাজ শুরু করতে পারবো,” যোগ করেন তিনি।

এছাড়া আশুলিয়াতে তৈরি পোশাক শিল্পের নারী শ্রমিকদের জন্য একটি ডরমিটরি নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে নির্বাচনে মনোনয়োন দেওয়ার ক্ষেত্রে নারী প্রার্থীদের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান তিনি।

রাজনৈতিক কাজে নারী ও শিশূদের ব্যবহার বন্ধে সরকার ও জনগণের যৌথ প্রয়াস প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী।