বিএনপির হরতালের দিন মিছিল নেই শাহবাগে
জামায়াতের হরতালের গত দুই দিন শাহবাগ থেকে মিছিল হলেও বিএনপির হরতালের দিন সেই কর্মসূচি থাকছে না গণজাগরণ মঞ্চের।
মঙ্গলবার সকালে হরতালবিরোধী মিছিল না হলেও পূর্ব নির্ধারিত যাত্রাবাড়ীর সমাবেশ হবে বলে সোমবার রাতে শাহবাগে ঘোষণা দেয়া হয়।
যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়ে আসা গণজাগরণ মঞ্চ সোমবার সকালে হরতালবিরোধী মিছিল করে, যাতে অংশ নেয় হাজারো মানুষ।
দিনভরই প্রজন্ম চত্বরে চলে গণস্বাক্ষর সংগ্রহ। প্রতিদিনের মতোই সন্ধ্যার পর হাজারো মানুষ সমবেত হয়ে যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনে একাত্মতা জানায়।
রাতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এক ঘোষণায় যাত্রাবাড়ীর মঙ্গলবারের সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান।
এর পাশাপাশি সকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচি চলবে বলে জানানো হয়।
মঙ্গলবার হরতালবিরোধী মিছিল থাকছে কি না- জানতে চাইলে ইমরান বলেন, যুদ্ধাপরাধী দল জামায়াতের কর্মসূচি প্রত্যাখ্যান করে তারা গত দুই দিন হরতালবিরোধী মিছিল করেছিলেন।
মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপি। প্রধান বিরোধী দলের এই কর্মসূচি ঘোষণা হতাশা প্রকাশ করেছিল গণজাগরণ মঞ্চ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতের হরতাল প্রতিরোধের ডাক দিয়ে বের হওয়া গণজাগরণ মঞ্চের মিছিল রাজধানীর নানা পথ ঘুরে আবার ফিরে আসে শাহবাগে।
এদিন ছিল আন্দোলনের ২৮তম দিন, যা শুরু হয়েছিল গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন ফাঁসির রায় প্রত্যাখ্যান করে।
প্রজন্ম চত্বরে রোববার তৈরি করা হয়েছে স্থায়ী মঞ্চ, যেখান দাঁড়িয়ে সোমবার থেকে স্লোগান দেয়া হচ্ছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।
মিছিলের পর দুপুরের দিকে কিছুক্ষণ বিরতি দিয়ে বিকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফাঁকে ফাঁকে স্লোগান।
তবে অন্যান্য দিনের তুলনায় এদিন মূলমঞ্চে স্লোগানের চেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানই বেশি হচ্ছে, যার মধ্যে রয়েছে সংগীত, আবৃত্তি, নাটিকা প্রভৃতি।
অন্যান্য দিনের মতোই বিকাল থেকে প্রজন্ম চত্বরে লোকসমাগম বাড়তে থাকে।
স্থায়ী পাঁচ ফুট উঁচু মঞ্চ তৈরি করা হয়েছে শাহবাগ থেকে টিএসসিমুখী সড়কে।
শাহবাগের বাইরে যাত্রাবাড়ীতে হবে গণজাগরণ মঞ্চের পঞ্চম সমাবেশ, এরপর ঐতিহাসিক ৭ মার্ সোহরাওয়ার্দী উদ্যানে হবে আরেকটি সমাবেশ। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে হবে ‘নারী জাগরণ সমাবেশ’।
