হাতিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি, ১ ডাকাত নিহত
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সোমবার পুলিশের সঙ্গে জলদস্যুদের গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে।
আধঘণ্টাব্যাপী এ গোলাগুলির পর ১৫ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এরপর বিক্ষুব্ধ জনতা তাদের পিটুনি দেয়। দস্যুদের গুলিতে এলাকার এক ব্যক্তি আহত হন বলে পুলিশ জানায়।
তাদের কাছ থেকে চারটি দেশে তৈরি বন্দুক, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার ও জেলেদের কাছ থেকে লুট করা জাল উদ্ধার করা হয়েছে।
আটক কয়েকজন হলেন, মহিউদ্দিন(৪০), হারুন (২৮), আলাউদ্দিন (৩০), সিরাজ (৩৭), শাহজাহান (৩৫), রিপন (৩২), মাকছুদ (৩৩), সিরাজ (৩২), ইরাক (৩৫), রহিম (৩৬), কাশেম (২৮), ইসরাফিল (৪০) ও কাঞ্চন (৩৫)।
এরমধ্যে গুরুতর আহত কয়েকজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাতে হাতিয়া থানার ওসি মোস্তার হোসেন জানান, আহত কাঞ্চন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ওয়াজি উল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আরো বলেন, বিকালে হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে দমারচরের কাছে জলদস্যুরা মাছধরা ট্রলারে ডাকাতি করার সময় স্থানীয় তদন্ত কেন্দ্রের পুলিশ ধাওয়া করে।
এরপর হাতিয়া থানা থেকে তিনি (ওসি) অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযানে যোগ দিলে দস্যুরা নলচিরা এলাকা দিয়ে পালানোর চেষ্টা করে।
খবর পেয়ে নলচিরা ফাঁড়ির পুলিশও তাদের ধাওয়া করলে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িযে পড়ে।
ওসি আরো বলেন, আত্মরক্ষায় পুলিশ ৩৫ রাউন্ড গুলি ছুঁড়েছে।
বৌবাজার এলাকা দিয়ে স্থলভাগে উঠে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।
এ সময় দস্যুদের গুলিতে নলচিরা ঘাটের সুকুমার নামে এক ব্যক্তি আহত হন।
আটক জলদস্যুদের বেশিরভাগই হাতিয়ার বাসিন্দা বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
