২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাংবাদিক নেতা রিয়াজ হায়দারের ওপর হামলা

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক রিয়াজ হায়দারের ওপর হামলা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

এতে তিনি আহত না হলেও তার সঙ্গে থাকা ল্যাপটপটি নিয়ে যায় দুর্বৃত্তরা।

রোববার গভীর রাতে নগরীর আলমাস সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

রিয়াজ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে জিইসি মোড়ের একটি হাসপাতাল থেকে অসুস্থ স্ত্রীকে দেখে বাসায় ফেরার পথে পিছন দিক থেকে তার উপর হামলা করে দুর্বৃত্তরা।

এসময় তিনি দৌড়ে পালিয়ে কাজীর দেউরী মোড়ে চলে গেলে কোতয়ালী থানা পুলিশ এসে তাকে থেকে উদ্ধার করে বলে জানান তিনি।

চট্টগ্রামে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেয়ায় জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এ কাজ করে থাকতে পারেন বলে ধারণা করছেন রিয়াজ।

রিয়াজ হায়দার চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদেরও সাধারণ সম্পাদক।

কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই আলমাস সিনেমা হল এলাকার আশেপাশে অভিযান চালানো হয়েছে। এসময় রিয়াজ হায়দারের ল্যাপটপের ব্যাগটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, একাজ ছিনতাইকারীদেরও হতে পারে। তবে আমরা কোন সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না।

সোমবার বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।

এদিকে রিয়াজের ওপর হামলা চেষ্টার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে সিইউজে, পেশাজীবী সমন্বয় পরিষদ ও চট্টগ্রাম প্রেসক্লাব।

সিইউজের সভাপতি শহীদুল আলম, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস পৃথক বিবৃতিতে এ দাবি জানান।