আগুন দেয়ার চেষ্টা চট্টগ্রাম রেল স্টেশনেও
ঢাকার কমলাপুরের মতো চট্টগ্রাম রেল স্টেশনেও আগুন দেয়ার চেষ্টা হয়েছে। আগুন দেয়া হয়েছে বাড়বকুণ্ডের পরিত্যক্ত স্টেশনে।
দেশের বিভিন্ন স্থানে জামায়াতি তাণ্ডবের মধ্যে সোমবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের পুরনো রেল স্টেশনে একটি ইঞ্জিনে আগুন দেয়ার চেষ্টা হয়।
ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলে চট্টগ্রাম জিআরপি পুলিশ ফাঁড়ির ওসি আহসান হাবিব জানিয়েছেন।
সোমবার বিকালে দেশের রেল যোগাযোগের কেন্দ্র কমলাপুর স্টেশনে একটি ট্রেনের দুটি বগি আগুনে পুড়িয়ে দেয়া হয়।
এই নাশকতার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
তারা পাঁচটি হাতবোমার বিস্ফোরণও ঘটায় বলে জানান তিনি। আটক শফিকুল ইসলাম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সহকারী লোকো মাস্টার আজিজুর রহমান জানান, ইঞ্জিনের তেলের টাংক লক্ষ্য করে আগুন নিক্ষেপ করা হয়।
“রেলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।”
ওসি আহসান হাবিব বলেন, দুর্বৃত্তরা পাঁচটির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়।
এদিকে রাত পৌনে ১০টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্টেশনে আগুন দেয়া হয় বলে পূর্ব রেলের ব্যবস্থাপক সুকুমার ভৌমিক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিত্যক্ত ওই স্টেশনে বিভিন্ন কক্ষে আগুন দেয়া হয়। পরে অগ্নিনির্বাপক বাহিনী গিয়ে আগুন নেভায়।
সীতাকুণ্ডের কয়েক কিলোমিটার অদূরের ওই স্টেশনে কোনো ট্রেন থামতো না, স্টেশনের কার্যক্রমও বন্ধ ছিল। তবে কিছু মালামাল ছিল।
