২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ হাজার বাংলাদেশি জেলে নেবে থাইল্যান্ড

থাইল্যান্ড সরকার বাংলাদেশ থেকে ৫০ হাজার জেলে নেবে বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 01:44 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

সোমবার সংসদে নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ থেকে জেলে নেয়ার বিষয়ে থাইল্যান্ড সরকার তাদের মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক প্রক্রিয়াধীন আছে।

ইতোমধ্যে বাংলাদেশ থেকে একটি সংশোধিত খসড়া সমঝোতা স্মারক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী।

খন্দকার মোশাররফ জানান, বাংলাদেশ থেকে ৫০ হাজার জেলে কর্মী থাইল্যান্ডে পাঠানোর বিষয়ে সেদেশে বাংলাদেশ দূতাবাস কার্যক্রম চালাচ্ছে।

ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের সংসদে জানান, ডেসটিনি ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক অনিয়ম ও দায়-দায়িত্ব নিরূপণে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিষ্ঠানটির কাছে পাওয়ানাদারদের দায়-দেনার বিষয়ে জানা যাবে।

হারুনুর রশিদের আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারে চায়ের চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে না।

জাফর ইকবাল সিদ্দিকীর প্রশ্নের জবাবে গোলাম কাদের জানান, চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত ৪৪ হাজার ৩০১ দশমিক ৭২ কেজি ফরমালিন আমদানি করা হয়েছে। বিভিন্ন হাসপাতাল ও ল্যাবরেটরিতে গবেষণা এবং ঔষধ শিল্পে ফরমালিন ব্যবহার করা হয় বলে উল্লেখ করেন।

বিএনপির সাংসদ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ঘাটতির পরিমাণ ২৪৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

বিকাল পৌনে ৫টায় সভাপতিমণ্ডলীর সদস্য ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।