চুরির অভিযোগে চোখ উপড়ানোর চেষ্টা
বাগেরহাটে মাছ চুরির অভিযোগে এক যুবকের দুই চোখ খুঁচিয়ে উপড়ে ফেলার চেষ্টা করেছে গ্রামবাসী।
রোববার রাতে সদরের গোটাপাড়া ইউনিয়নের পার নওয়াপাড়া গ্রামে এই ঘটনায় আহত ওয়াদুদ শেখকে (২৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওয়াদুদ শেখ পার নওয়াপাড়া গ্রামের মোসলেম শেখের ছেলে।
গ্রামবাসীর বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ওয়াদুদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে চুরির অভিযোগ রয়েছে।
পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, বলেন তিনি।
গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাশারাত হালদার বলেন, রোববার রাত ১টার দিকে পার নওয়াপাড়া গ্রামের মুনছুর সরদারের চিংড়ি ঘের থেকে মাছ চুরি করতে গিয়ে ওয়াদুদ কিছু চিংড়িসহ ধরা পড়েন। এ সময় উত্তেজিত গ্রামবাসী তাকে মারধর করে বাম পা ভেঙে দেয় এবং খেজুরের কাঁটা দিয়ে দুই চোখ খুঁচিয়ে রক্তাক্ত জখম করে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোল্লা মঈন উদ্দিন বলেন, ওয়াদুদের শরীরে পিটুনির চিহ্ন রয়েছে। তার বাম পা ভাঙা এবং দুই চোখে আঘাতজনিত রক্তাক্ত জখম আছে।
