২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষিপ্ত ঘটনায় চলছে দ্বিতীয় দিনের হরতাল

জামায়াতে ইসলামীর হরতালের দ্বিতীয় দিনে সহিংসতা কমলেও কয়েকটি জেলায় অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 10:31 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

রোববার রাত ও সোমবার এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এরমধ্যে ফেনীতে যানবাহনে, সাতক্ষীরায় আ’লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে, নোয়াখালীতে সংবাদপত্রে এবং মুন্সীগঞ্জে মন্দিরে আগুন দেয় হরতালকারীরা।

পাবনা ও চাঁদপুরে অবরোধ করেছে জাময়াত-শিবিরকর্মীরা। এছাড়া বিক্ষিপ্ত বোমাবাজি, সংঘর্ষও হয়েছে কোনো স্থানে।

এদিকে জামায়াত নেতাকর্মীদের কম দেখা গেলেও কয়েক জেলায় হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও এলাকাবাসী।

প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

ফেনীতে যানবাহনে আগুন

দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে একটি ইজিবাইক ও রিকশায় আগুন দেয় জামায়াত-শিবিরকর্মীরা।

এ সময় তারা বিভিন্ন সড়কে কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ও সড়কে গাছের গুড়ি ও জমাট বাধা দেওয়াল ফেলে রাস্তা ব্যারিকেড দেয় বলে জানান মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন।

হরতাল সমর্থনে জামায়াতের কোনো নেতাকে মাঠে দেখা না গেলেও দুপুরে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো।

ধামইরহাটে জামায়াত-পুলিশ সংঘর্ষ

নওগাঁর ধামইরহাট থানার ওসি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১১টার দিকে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরকর্মীরা আমাইতারা মোড় থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যাবার সময় টিএন্ডটি মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট ফাঁকা নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

এদিকে নওগাঁ শহরে সকাল ১০টায় ঝটিকা মিছিল করেছে জামাত-শিবির। এ সময় বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে তারা। তবে পুলিশ এসে তাদের অবরোধ চেষ্টা ভেস্তে দেয়।

এছাড়া কোথাও পিকেটিং করতে দেখা যায়নি জামায়াত-শিবির কর্মীদের।

সাতক্ষীরায় আ’লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ শাহিদ উদ্দীন সাংবাদিকদের বলেন, রোববার রাত ১টায় জামায়াত-শিবিরকর্মীরা সদর উপজেলার কুচপুকুর এলাকায় আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে।

সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মুন্সীগঞ্জে ৫ শিবিরকর্মী আটক

সদর থানার ওসি মো. আবুল বাসার বলেন, নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগে সদর উপজেলার মিরকাদিম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের হোস্টেল থেকে রোববার রাতে শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

চাঁদপুরে সড়ক অবরোধ, ভাংচুর

হরতালের দ্বিতীয় দিনে চাঁদপুর-ঢাকা-মতলব সড়কের মুন্সিরহাট এলাকায় সকালে পিকেটাররা সড়কের উপর গাছের গুড়ি ফেলে রাখে।

সকাল সাড়ে ৯টায় শহরের ষোলঘর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর।

তিনি জানান, হরতালকারীরা ভোরে মিশন রোড এলাকায় কয়েকটি সিএনজি ভাঙচুর করে। বিভিন্ন স্থান থেকে পুলিশ ৯ জনকে আটক করেছে।

সড়কে অবরোধ পাবনায়

সকাল ৬টা থেকে পাবনা-নগরবাড়ী সড়ক এবং ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের মন্দিরপুর, জালালপুর,  ধোপাঘাটা, পুষ্পপাড়া, মাধপুরসহ বেশ কয়েকটি স্থানে লাঠিশোঠা নিয়ে অবরোধ করে পিকেটাররা।

তবে পাবনা শহরে জামায়াত-শিবিরের কোন মিছিল বা পিকেটিং করা হয়নি।

নোয়াখালীতে সংবাদপত্রে আগুন

সকাল ৬টায় চাটখিল-সোনাইমুড়ি সড়কের হালিমা দিঘির পাড় এলাকায় পিকেটাররা সংবাদপত্রবাহী গাড়ি থেকে সংবাদপত্র নামিয়ে এনে আগুন ধরিয়ে দেয়। ফলে চাটখিল, লক্ষীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর উপজেলা সদরে কোন পত্রিকা যায়নি বলে জানান চাটখিলের সংবাদপত্র এজেন্ট দিদারুল আলম।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ জানান, নাশকতার আশংকায় বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে ২২ জনকে।

নোয়াখালীতে হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে বিশাল একটি মিছিল বের করা হয়।

মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাগেরহাটে দুই শিবিরকর্মী গ্রেপ্তার

শহরের উপকন্ঠ খুলনা-বাগেরহাট সড়কের মেহগনিতলা নামক স্থানে একটি ভাড়াবাড়ির তালাবদ্ধ ঘর থেকে পুলিশ অভিযান চালিয়ে দুই ছাত্রশিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। এ সময় ওই ঘর তল্লাশি করে বেশ কিছু ভাঙা ইট ও লাঠি উদ্ধার করা হয়।

মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, রোববার রাত ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জে মন্দিরে আগুন, প্রতিবাদ সভা

রোববার রাত সাড়ে ১০টায় লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে গোয়ালী মান্দ্রা গ্রামের মনিপাড়া কালি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. মহসীন গাজী জানান, আগুনে মন্দিরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

এর প্রতিবাদে সকালে এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও স্থানীয় জনতা।

পরে ইউপি চেয়ারম্যান মহসীন গাজীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন, থানা আওয়ামী লীগের নেতা আজিজুল ইসলাম খান (সোধন খান), হলদিয়া ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিংকন হাওলাদার, মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র দাস প্রমুখ।

হরতালে নিরুত্তাপ ব্রাহ্মণবাড়িয়া

হরতালের দ্বিতীয় দিনেও ব্রাহ্মণবাড়িয়া কোনো উত্তাপ নেই। মাঠে নেই হরতাল আহবানকারী জামায়াত-শিবির।

সবকিছুই স্বাভাবিক চলছে। শহরের প্রতিটি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শহরের বিভিন্ন স্থানে বিজিপিকেও টহল দিতে দেখা গেছে।

ঢিলেঢালা হরতাল রাজশাহীতে

রাজশাহী মহানগরীর কোথাও পিকেটার দেখা যায়নি। ফলে জনজীবন ছিলো অনেকটায় স্বাভাবিক।

মহানগর পুলিশ কমিশনার মনির-উজ-জামান বলেন, নগরীতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরাও টহল দিচ্ছে।

গাজীপুরে হরতালবিরোধী মিছিল

সোমবার গাজীপুরে প্রতিবাদ সভা ও মিছিল হয়েছে। দুপুরে টঙ্গী থানা আওয়ামী লীগের উদ্যোগে জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি টঙ্গী স্টেশন রোড এলাকা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি গাজীপুর শাখার উদ্যোগে হরতালবিরোধী মিছিল হয়।

জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, সদর উপজেলার তেলিপাড়া এলাকায় হরতালে পিকেটিং কালে নাহিদ নামের (২১) এক শিবির কর্মীকে আটক করে পুলিশে দেয় জনতা।

টাঙ্গাইলে জামায়াত নেতা গ্রেপ্তার

জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার আমির মাওলানা আজিজুর হক তালেবকে সোমবার ভোরে ভাবলাপাড়া এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান নাগরপুর থানার ওসি সালাহউদ্দিন মিয়া।

তিনি জানান, হরতালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে রোববার গভীর রাতে বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে আজিজুলের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের অন্যরা পালিয়ে যায়।

বেনাপোলে পণ্য খালাস বন্ধ

হরতাল চলাকালে বেনাপোল স্থলবন্দর থেকে সব ধরনের আমদানি পণ্য পরিবহন বন্ধ থাকায় ব্যবসায়ীরা গুদাম থেকে পণ্য খালাস নেয়া বন্ধ রেখেছেন বলে জানান বন্দরের আমদানি রফতানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক আনু।

তিনি জানান, এতে বন্দরে পণ্যজট বাড়ছে, বাড়ছে ব্যবসায়ীদের উদ্বেগ।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিমুদ্দিন গাজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তার কথা ভেবেই কেউ যানবাহন নিয়ে বের হচ্ছেন না।