আপিল কার্যতালিকায় আসছে মঙ্গলবার
যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের করা আপিল মঙ্গলবার শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় তোলা হচ্ছে।
রাষ্ট্রপক্ষে আদালতে এ বিষয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে তিনি সাংবাদিকদের বলেন, চেম্বার বিচারপতি আপিলের বিষয়টি মঙ্গলবারের কার্যতালিকায় রাখতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দিয়েছেন।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সমন্বয়ক এম কে রহমান ও ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে সঙ্গে নিয়ে দুই খণ্ডে ৪৮৪ পৃষ্ঠার এই আবেদন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেন অ্যাটর্নি জেনারেল।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল সাংবাদিকদের বলেন, “বিচারপতি মাহমুদ হোসেন আবেদনটি আগামীকালের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তবে আবেদনিটির শুনানি কীভাবে হবে- তা ঠিক করবেন প্রধান বিচারপতি।”
হত্যা ও ধর্ষণের মতো অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ দেয়। ছয়টি অভিযোগের মধ্যে একটিতে তাকে খালাস, দুটিতে যাবজ্জীবন এবং বাকি তিনটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
ওই রায়ের বিরুদ্ধে করা আপিলে আবেদনে কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের প্রতিটিতেই সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ।
এদিকে, কাদের মোল্লাও তহার কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।
কাদের মোল্লার আইনজীবী ফরিদ উদ্দীন খান সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন। এতে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ দেখানো হয়েছে জয়নুল আবেদীন তুহিনকে।
৯০ পৃষ্ঠার আবেদনে কাদের মোল্লার সাজার বিপক্ষে ৮৫টি যুক্তি তুলে ধরা হয়েছে। আর আবেদনের সংযুক্ত করা হয়েছে সঙ্গে তিন হাজার পৃষ্ঠার নথি।
আবেদনটি জমা দেয়ার পর ফরিদ উদ্দীন খান সাংবাদিকদের বলেন, “শোনা সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে। আমরা তথ্য-প্রমাণ উপস্থাপন করলেও ট্রাইব্যুনাল যথাযথভাবে তা বিবেচনায় নেয়নি। তাই আমরা আপিল করেছি।”
কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে শাহবাগে শুরু হয় ছাত্র-জনতার আন্দোলন। পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে।
এদিকে ট্রাইব্যুনাল আইনে প্রসিকিউশনের আপিল করার সুযোগ না থাকায় মুক্তিযোদ্ধা ও বামদলগুলোসহ বিভিন্ন মহল থেকে ওই রায়ে হতাশা প্রকাশ করে আইন সংশোধনের দাবি ওঠে।
ফাঁসির দাবিতে এই বিপুল জাগরণের প্রতি সমর্থন জানিয়ে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সরকার। এর ফলে আপিলের সুযোগ হওয়ার পাশাপাশি একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধের বিচার করারও সুযোগ সৃষ্টি হয়।
