২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হরতালে সংঘর্ষে কিশোর নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হরতাল চলাকালে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 07:20 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

নিহত মাহফুজ হোসেন (১৪) উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের আজিজুল হকের ছেলে এবং ফলিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র।

সোমবার সকাল ৮টায় উপজেলার পূর্ব দেলুয়া এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মাহফুজ মারা যান বলে জানায় পুলিশ।

পুলিশের রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জিল্লুর রহমান জানান, সকালে পূর্ব দেলুয়া এলাকায় জামায়াত-শিবির মিছিল বের করে যানবাহনে ভাংচুর শুরু করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের উপরও হামলা চালায় তারা।

এ সময় পুলিশ গুলি চালালে তিন জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। আহতদের উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

পরে মাহফুজ নামে এক কিশোর মারা গেছে বলে জানান এএসপি জিল্লুর।

তিনি জানান, মাহফুজের লাশ পরিবারের কাছে দিয়ে দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

এদিকে রোববার রাতের কোনো এক সময় উল্লাপাড়ার গণজাগরণ মঞ্চ জামায়াত-শিবিরকর্মীরা পুড়িয়ে দিয়েছে বলে জানান উল্লাপাড়ার ওসি বিমান কুমার দাস।

সোমবার সকালে হরতাল চলাকালে একদল বিক্ষোভকারী উল্লাপাড়ায় ইসলামী ব্যাংকের শাখা ভাংচুর করে।

এদিকে সিরাজগঞ্জ শহরে ঢোকার প্রতিটি সড়কে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার বাঐতার ও কাশিয়াহাটায় রাত থেকেই রাস্তায় গাছের গুড়ি ফেলে এবং একটি বেইলি ব্রিজ ভেঙ্গে শহরের সঙ্গে যোগাযোগ বিভিন্ন করেছে জামায়াতকর্মীরা।

সিরাজগঞ্জ-নলকা সড়কের চন্ডিদাসগাতি, সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের ফকিরতলা, সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কের বহুলীতে রাস্তার গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থনকারীরা।

অপরদিকে, নাশকতার আশংকায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩টি ইউনিয়নে ৫ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শহরের বিভিন্ন স্থানসমূহে বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল চলছে।