২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি প্রণবকে ঢাবির সম্মান

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ডক্টরেট অব ল’ ডিগ্রি দিয়ে সম্মান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 06:08 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

সোমবার বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মান জানানো হয়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেন।

তিন দিনের সফরে রোববার সকালে ঢাকা আসেন মুক্তিযুদ্ধের সময় সহায়তার হাত বাড়িয়ে দেয়া এই বিদেশি বন্ধু।

বাংলাদেশের পক্ষ থেকে তাকে মুক্তিযুদ্ধ সম্মাননাও দেয়া হবে। 

প্রণব মুখোপাধ্যায়ের আগমণ উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।

বেলা সাড়ে ১১টার দিকে সমাবর্তন অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। এসময় রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাকে স্বাগত জানান। এর আগেই সমাবর্তনের গাউন পরে শোভাযাত্রা সহকারে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সমাবর্তনস্থলে  উপস্থিত হন শিক্ষার্থীরা।

সমাবর্তন বক্তা হিসেবে এ অনুষ্ঠানে বাংলায় বক্তব্য দেন এই বাঙালি।