সিরাজগঞ্জে বেইলি সেতু তুলে ফেললো জামায়াতকর্মীরা
হরতালের মধ্যে সিরাজগঞ্জে রোববার রাতে সিরাজগঞ্জে একটি বেইলি সেতু তুলে ফেলেছে জামায়াত-শিবির কর্মীরা। পুলিশের গাড়িও ভাংচুর করেছে তারা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে জামায়াত-শিবির কর্মীরা সিরাজগঞ্জ-মুলিবাড়ী সড়কে একটি বেইলি ব্রিজ তুলে ফেলে।
এর পাশাপাশি সড়কে গাছ ফেলে রাখায় সিরাজগঞ্জ শহরের সাথে ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন বলে জানান তিনি।
এর আগে রাত ৮টার দিকে তিন পুলিশ সদস্যকে বহনকারী একটি পিকআপ ভ্যান সিরাজগঞ্জ-মুলিবাড়ী সংযোগ সড়কের বাঐতারা এলাকায় গেলে জামায়াত-শিবির কর্মীরা তাতে ভাংচুর চালায়।
ওই পুলিশ সদস্যরা দৌড়ে আশপাশের এলাকায় আশ্রয় নেয়।
রাত ১০টার দিকে পুলিশ ও র্যাব সদস্যরা ওই এলাকা থেকে পুলিশ সদস্যদের উদ্ধার করে বলে জানান আল মামুন।
বাঐতারা এলাকার নবীদুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরকর্মীরা বেশ কয়েকটি হিন্দু বাড়িতে বাড়ি ভাংচুর করেছে।
এদিকে সংঘাত এড়াতে বেলকুচি উপজেলার তিনটি ইউনিয়নে আগামী ৫ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ফরহাদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহিংসতা এড়াতে উপজেলার ভাঙ্গাবাড়ি, দৌলতপুর ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নে রোববার রাত থেকে আগামী ৫ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকবে।
এর আগে সিরাজগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
