মহার্ঘ ভাতা না দেয়া সংবাদপত্রগুলোর তালিকা হচ্ছে
সংবাদকর্মীদের এখনো ৫০ শতাংশ মহার্ঘ ভাতা না দেয়া সংবাদপত্রগুলোর তালিকা সরকার করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার জাতীয় সংসদে সাধনা হাওলাদারের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, “যেসব সংবাদপত্র সাংবাদিক/কর্মচারীদের এখনো ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করে নাই তাদের তালিকা প্রণয়নের কাজ চলছে।”
আর যেসব সংবাদপদত্র সপ্তম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করতে পারে নাই তাদেরকে নীতিমালা অনুযায়ী বর্ধিত হার বিজ্ঞাপন দেয়া হয় না বলেও জানান তিনি।
সাংবাদিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সরকার গত বছরের ১৮ জুন অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে গণমাধ্যমকর্মীদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে, যা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
শাহিন মনোয়ারা হকের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশের সব সংবাদ মাধ্যমে সাংবাদিকদের ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করা হয় নাই। যেসব সংবাদ মাধ্যম ওয়েজ বোর্ড মেনে পরিচালনা করে না তাদের অনুকুলে বর্ধিত হার ও তিন শতাংশ শুল্ক নিউজপ্রিন্ট কোটার বরাদ্দপত্র জারি করা হয় না।
পিনু খানের আরেক প্রশ্নের জবাবে ইনু বলেন, দেশে ৭৭৪টি চলচ্চিত্র প্রেক্ষাগৃহের মধ্যে ৬০৮টি চালু রয়েছে।
তিনি বলেন, সিনেপ্লেক্স নির্মাণের জন্য সরকার হল মালিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার পদক্ষেপ নিয়েছে। সিনেপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে স্থানভেদে ৫ বা ৭ বছরের জন্য সরকার কর অব্যাহতি সুবিধা দিয়েছে এবং চলচ্চিত্র প্রদর্শনের কর মওকুফ করা হয়েছে।
আমিনা আহমেদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, শিশুদের জন্য উন্নতমানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের জন্য কোনো আবেদন পাওয়া গেলে তা বিবেচনা করে দেখা হবে।
