চট্টগ্রামে হরতালে গোলযোগ নেই
কোনো ধরেনের গোলযোগ ছাড়াই চট্টগ্রামে চলছে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার তাণ্ডবের পর রোব ও সোমবার হরতাল ডাকে জামায়াত।
রোববার সকাল থেকে কয়েকটি স্থানে জামায়াত ঝটিকা মিছিলের চেষ্টা করলেও পুলিশের বাধায় নামতে পারেনি।
সকাল ১১টার দিকে রেলস্টেশনের পে অ্যান্ড ক্যাশ অফিসের কাছ থেকে কাগজে মোড়ানো অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার করা হয় বলে জানান জিআরপি থানার ওসি আহসান হাবীব।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বলেন, যে কোনো ধরনের সংঘাত মোকাবেলায় নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।পুলিশ ও র্যাবের পাশাপাশি শহরে বিজিবি টহল দিচ্ছে।
হরতালে নগরীতে ভারী যানবাহন চলাচল না করলেও ছোট যানবাহন চলছে।
সকালে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে সকালে নির্ধারিত সবগুলো ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে। তবে, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দেরিতে আসায় ছাড়তে একটু দেরি হয়েছে।
