ট্রেনে আগুন: ৩ কোটি টাকার ক্ষতির মামলা
রাজশাহী রেল স্টেশনে আন্তঃনগর সিল্কসিটির তিনটি বগি পুড়িয়ে দেয়ার ঘটনায় জিআরপি থানায় একটি মামলা হয়েছে।
রাজশাহীর স্টেশন মাস্টার আনিসুর রহমান অজ্ঞাত পরিচয় দুস্কৃতীদের আসামি করে শনিবার রাতে এই মামলা দায়ের করেন।
রাজশাহী জিআরপি থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনায় রেলের তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে যাত্রীবেশী ২০-২৫ জন যুবক রাজশাহী রেল স্টেশনে ঢাকাগামী ট্রেনটির তিনটি বগিতে আগুন লাগিয়ে দেয়।
পরে ওই ট্রেনটি ক্ষতিগ্রস্ত তিনটি বগি ছাড়াই ‘ধূমকেতু এক্সপ্রেস’ হয়ে এক ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউল হক জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনে যারা আগুন দিয়েছে তারা জামায়াত-শিবিরের কর্মী বলে ধারণা করছেন তারা।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন, “কারা এ আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে সারা দেশে যারা নাশকতা কর্মকাণ্ড চালাচ্ছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।”
