খালেদার বক্তব্য সহিংসতাকে উস্কে দিতে পারে: এইচআরডব্লিউ
আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় কর্মীদের মধ্যে আরো সহিংসতা এড়াতে জরুরি পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
“একই সঙ্গে সরকারকেও তার নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিতে হবে যেন তারা আত্মরক্ষা এবং জনগণের জানমাল রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সংযমের পরিচয় দেয়।”
গত বৃহস্পতিবার যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে দেশজুড়ে তার দল জামায়াতে ইসলামীর তাণ্ডব চলছে। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে নিহত হয়েছে প্রায় ৪০ জন।
এইচআরডব্লিউ বলেছে, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার যে প্রাথমিক তথ্য তাদের কাছে এসেছে, তাতে এটাই প্রতীয়মান হয় জামায়াতকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। আইনশঙ্খলা বাহিনীও যার পাল্টা জবাব দেয়। এবং এতে পুলিশ এবং বেসামরিক জনগণের প্রাণহানি ঘটে।
“এসব সহিংসতার দায় জামায়াত স্বীকার না করলেও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলাসহ বেশকিছু হামলার জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই দায়ী।”
সহিংসতাকে উস্কে দেয় এমন কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
প্রধান বিরোধীদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সর্ব সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে ব্র্যাড অ্যাডামস বলেন, “এ পর্যন্ত ঘটে যাওয়া সহিংসতা দুঃখজনক। তবে গণহত্যা সম্পর্কে এই অতিরঞ্জিত বক্তব্য সহিংসতাকে উস্কে দিতে পারে, যা পরিহার করা উচিত।”
শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেন, সরকার পরিকল্পিতভাবে জনগণকে বিভক্ত করছে। এই মুহূর্তে গণহত্যা বন্ধ না করা হলে এর পরিণাম ভাল হবে না।
