যুদ্ধপরাধীদের রক্ষায় খালেদার কর্মসূচি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবাদ সম্মেলন করে বিএনপি চেয়ারপার্সন যেসব কর্মসূচি ঘোষণা করেছেন তা যুদ্ধাপরাধীদের রক্ষায় তার সুস্পষ্ট পদক্ষেপ।
তিনি বলেন, “তিনি যতই চেষ্টা করেন না কেন, এই বিচার বন্ধ করতে এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবেন না।”
শেখ হাসিনা স্পষ্ট করে বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মতোই যুদ্ধাপরাধীরা যথাযথ শাস্তি পাবেন।
প্রধানমন্ত্রী শনিবার বিকেলে মাদারীপুরে এ আর হাওলাদার জুট মিল ময়দানে জনসভায় বক্তৃতাকালে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মসজিদ ও পবিত্র স্থান ব্যবহার করছে। তারা জুমার নামাজের সময় ইমাম ও খতিবের খুতবা পাঠ করতে দিচ্ছে না।
মাদারীপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নৌমন্ত্রী শাজাহান খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সভাপতি মিয়াজুদ্দিন খান, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ এফ এম বাহাউদ্দিন নাছিম ও আহমেদ হোসেন।
প্রধানমন্ত্রী বলেন, লাখ লাখ লোক হত্যাকারী ও মা-বোনদের সম্ভ্রম বিনষ্টকারী যুদ্ধাপরাধীদের জায়গা বাংলাদেশে হবে না।
শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষে বেগম জিয়ার বর্তমান অবস্থানের কথা জনগণ ভুলবে না। জনগণ এর জবাব দেবে।
স্বল্প সময়ের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করার আশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার একের পর এক সকল নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবে।
তিনি অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
শরীয়তপুর ও মাদারীপুরে দিনব্যাপী সফরকালে প্রধানমন্ত্রী ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
