২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতাল প্রতিরোধের ঘোষণা

ধর্মীয় উগ্রপন্থীদের পতাকা অবমাননার প্রতিবাদে লাল সবুজের জাতীয় পতাকা উড়িয়েছে চট্টগ্রামবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণজাগরণ মঞ্চে জাতীয় পতাকা হাতে  নিয়ে সমবেত ছাত্র-জনতা একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিকাল ৩টায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে থেকেই গণজাগরণ মঞ্চে সমবেত হতে থাকেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

যুদ্ধাপরাধীর বিচার এবং পতাকা অবমাননাকারী ও শহীদ মিনারে হামলাকারীদের বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রেসক্লাব এলাকা। 

সমাবেশে আসা মোতাহের উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, “রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এ জাতীয় পতাকা। কিন্তু স্বাধীনতার ৪২ বছর পর স্বাধীনতাবিরোধীরা জাতীয় পতাকা অবমাননা করেছে, হামলা করেছে শহীদ মিনারে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

সমবেতরা বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

গণজাগরণ মঞ্চ থেকে জামায়াতে ইসলামীর ডাকা রোব ও সোমবারের হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে জনগণকে হরতালে সাড়া দিয়ে নিজেদের নিয়মিত কাজ চালিয়ে যাওয়ার আহাবান জানানো হয়।

এছাড়া বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে মঙ্গলবার হরতাল ডেকেছে বলে অভিযোগ করে গণজাগরণ মঞ্চ থেকে তাদের হরতালও প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।