২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন জেলায় সহিংস জামায়াত-বিএনপি 

সাইদীর ফাঁসির রায়ের প্রতিবাদ এবং হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী ও বিএনপি শনিবার বিভিন্ন জেলায় ব্যাপক সহিংসতা চালিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 02:40 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। কয়েকটি জেলায় বোমা বিস্ফোরণ ঘটায়।

ঝিনাইদহে রড, রামদা ও লাঠি নিয়ে মিছিল করেছে।

পিরোজপুরে যৌথভাবে মিছিল করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি। এই মিছিল থেকে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রশানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়।

প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

চাঁদপুর: জেলা শহরে দুটি স্থানে বোমা বিস্ফোরণ করেছে জামায়াত-শিবির কর্মীরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

বেলা সাড়ে ১১টার দিকে শহরের মিশন রোড ও ট্রাংকরোড এলাকায় এ বিস্ফোরণ ঘটানো হয়।

সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, পুলিশ গিয়ে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করতে হয়েছে।

ফেনী: দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ট্রাংক রোড থেকে জামায়াত-শিবির একটি ঝটিকা মিছিল বের করে।

এ সময় তারা মার্কেন্টাইল ব্যাংক ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে।

সংঘর্ষে সাংবাদিকসহ পাঁচ জন আহত হয়েছে।

শহরে পুলিশের পাশাপাশি বিজিবি’র টহলও বৃদ্ধি করা হয়েছে।

ঝিনাইদহ: দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে দুপুরে জেলা শহরের হামদহ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে লাঠি, কুড়াল ও রামদা নিয়ে মিছিল-সমাবেশ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

পরে হামদহ এলাকায় সমাবেশ করে তারা। সমাবেশে জেলা জামায়াত আমির মুজাম্মিল হক আগামী তিন দিনের [দুইদিন জামায়াতের, একদিন বিএনপির] হরতাল শান্তিপূর্ণভাবে পালনের আহবান জানান।

সুনামগঞ্জ: দুপুরে সুনামগঞ্জ শহরে লাঠিসোটা নিয়ে মিছিল ও ভাংচুর করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

ট্রাফিক পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় কাজিরপয়েন্ট, উকিলপাড়ায় তারা ১০-১৫টি দোকানে ভাংচুর চালায়।

পরে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। এ সময় এক শিবিরকর্মীকে আটক করে পুলিশ।

এদিকে এ ঘটনার পর ইসলামিক ব্যাংক ও জামায়াতের মালিকাধীন রেনেসা প্রেসে হামলা করেছে একদল যুবক।

সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আউয়াল জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিকালে মাদানীনগর এলাকায় এ সংঘর্ষের সময় শিবিরকর্মীরা পুলিশের একটি মোটরসাইকেলসহ চারটি গাড়িতে আগুন দেয়। ভাংচুর করে ১০টি যানবাহন।

এ সময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ শর্টগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করেছে। মহাসড়কে যানবাহন চলাচল শুরু করেছে। গ্রেপ্তার করা হয়েছে চার জনকে।

পিরোজপুর: জিয়ানগর উপজেলায় সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে সকালে জামায়াত ও বিএনপি মিছিল করেছে।

এ সময় তারা বালিপাড়ার জোমাদ্দার হাটে আওয়ামী লীগ অফিস ভাংচুর করে।

স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুব আলী জোমাদ্দার বলেন, মিছিল থেকে জামায়াত ও বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের অফিস ঘর এবং অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।

এছাড়া অফিসের টেলিভিশন ও আসবাবপত্রসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল ভাংচুর ও লুটপাট করে তারা।

এরপর এলাকাবাসী ফয়সাল নামে এক শিবিরকর্মীকে ধরে পিটুনি দেয়।

ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, চণ্ডিপুর ও জমাদ্দার হাটে কিছু জামায়াত ও বিএনপি নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেছে। তারা জমাদ্দার হাটে আওয়ামী লীগ অফিস ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।