জলঢাকায় বিজিবি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
নীলফামারী শহর ও জলঢাকা উপজেলায় শনিবার জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এছাড়া জেলা শহরে এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আপন বাবু (১৬) জলঢাকার টেংগনমারী কবিরাজপাড়ার ডা. আনিসুর রহমানের ছেলে।
নীলফামারীর অতিরিক্তি পুলিশ সুপার হাতেম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলঢাকায় সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়।
এছাড়া সহিংসতার আশঙ্কায় দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত জলঢাকা সদরে ১৪৪ ধারা জারি করা হয়।
বিকো ৩টার দিকে জামায়াত-শিবির ১৪৪ ধারা ভেঙে রাজারহাট এলাকায় একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। এ সময় তারা বিজিবির উপর চড়াও হয়।
বিজিবি সাত রাউন্ড গুলিবর্ষণ করে বলে তিনি জানান। এতে এক শিবিরকর্মী ঘটনাস্থলে নিহত হন বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বিকাল ৪টার দিকে জেলা শহরের আনন্দ বাবুর পুল মোড় ও মানিকের মোড়ে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে।
চৌরঙ্গী মোড় থেকে সোনারায় ব্রাম্মণপাড়ার প্রয়াত জাপান আলীর ছেলে জামায়াতকর্মী আব্দুল কুদ্দুসকে (৩২) গ্রেপ্তার করা হয়।
শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ও পুলিশের টহলে রয়েছে বলে তিনি জানান।
