দুর্ঘটনায় সিএসই কর্মকর্তা নিহত
সড়ক দুর্ঘটনায় চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের সিলেট অফিসের প্রধান কর্মকর্তা মসরুর আহমদ চৌধুরী মারা গেছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সিলেটের খাদিমপাড়ার শাহপরাণ বাইপাস সড়কে দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে সিলেট বিকেএসপির পাশে কয়লাভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মসরুর চৌধুরীর প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়।
গাড়িটি মসরুর নিজেই চালাচ্ছিলেন। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা এসে বিধ্বস্ত গাড়ির ভেতর থেকে তার লাশ বের করে।
এই দুর্ঘটনায় গুরুতর আহত শায়েস্তা মিয়া নামের অপর ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
মসরুর চৌধুরীর (৪৫) বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামে। তার বাবার নাম মওসুফ আহমদ চৌধুরী।
