বিএনপির হরতালে গণজাগরণ মঞ্চের হতাশা
যুদ্ধাপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর সারা দেশে জামায়াত-শিবিরের সহিংসতার প্রেক্ষাপটে বিএনপি যে অবস্থান নিয়েছে তাতে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে তীব্র হতাশা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার রাতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এক ঘোষণায় বিএনপির ডাকা এই হরতাল অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।
শাহবাগের গণজাগরণ মঞ্চে ঘোষণায় মুখপাত্র ইমরান বলেন, “দেশের প্রধান বিরোধী দল বিএনপি আগামী ৫ মার্চ যে হরতালের ডাক দিয়েছে তা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে গণজাগরণ মঞ্চ।”
সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাইদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশজুড়ে চলমান সহিংসতা ও হতাহতের ঘটনাকে সরকারের ‘গণহত্যা’ আখ্যায়িত করে ৫ মার্চ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন খালেদা জিয়া।
এ সময় শাহবাগের আন্দোলনকারীদেরও কঠোর সমালোচনা করেন বিএনপি চেয়ারপার্সন।
শাহবাগের আন্দোলনকারীদের ইঙ্গিত করে তিনি বলেন, তারা উস্কানিমূলক ও বেআইনি কর্মকাণ্ড চালাচ্ছে। প্রতিনিয়ত ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে। জাতীয় জীবনে বিভেদ-বিভাজনকে উস্কে দিচ্ছে।
ইমরান এইচ সরকার বলেন, “আমরা জানি মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। তার দল বিএনপি দাবি করে, তাদের দলে সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধা রয়েছেন। তাই বিএনপির প্রতি আমাদের আহ্বান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জামায়াতে ইসলামী এবং তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্রশিবিরকে বর্জন করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সহযোগিতামূলক ভূমিকা রাখবেন।”
মুক্তিযুদ্ধের চেতনার ধারায় দেশকে এগিয়ে নিতে বিএনপির ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র বলেন, “সংসদীয় গণতন্ত্রে বিরোধী প্রধান হচ্ছেন, জাতির অন্যতম আশ্রয়ের জায়গা। জাতি প্রত্যাশা করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিহত করার মধ্য দিয়ে প্রিয় বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার ধারায় অগ্রসর হবে।
“মাননীয় বিরোধী দলীয় নেত্রীর সক্রিয় ইতিবাচক ভূমিকার মাধ্যমে এ অগ্রযাত্রা আরো গতিশীল হবে বলে মনে করে গণজাগরণ মঞ্চ।”
