২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ১৪৪ ধারা ভাঙার পর সংঘর্ষ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ১৪৪ ধারা ভেঙে সড়ক অবরোধ করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

পরে পুলিশ ও বিজিবি তাদের ছত্রভঙ্গ করতে গেলে দুপক্ষের সংঘর্ষ হয়। টিয়ার সেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে বিকাল ৪টায় অবরোধ অপসারণ করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রানীরবন্দর বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে।

চিরিরবন্দর থারার ওসি তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবির কর্মীরা গাছের গুড়ি ফেলে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে।

বেলা সাড়ে ৩টায় পুলিশ ও বিজিবি ব্যারিকেড তুলতে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা তাদের উপর ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকে বলে জানান ওসি।

এ সময় নারীসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে রানীরন্দরে পুলিশের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ সন্ত্রাসী কার্যকলাপের দায়ে পুলিশ বাদী হয়ে দেড়শ’ জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার রাতে তিন হাজার জনের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একটি মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার চিরিরবন্দরে পুলিশের সঙ্গে সংগর্ষে জামায়াতের এক জন নিহত হন।

খানসামায়  আ’লীগ নেতার বাড়িতে হামলা

খানসামা উপজেলা আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করলে গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।

পাকেরহাটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আজম লায়ন বলেন, দুপুরে তার বাড়িসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় জামায়াত-শিবির।

তাৎক্ষণিকভাবে গ্রামবাসী গিয়ে আগুন নিভিয়ে ফেলায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।