জয়পুরহাটে জামায়াতের হামলায় ইউএনও আহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শুক্রবার জামায়াত-শিবির কর্মীদের হামলায় ইউএনও এবং ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) একটি এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরও করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদরের আমদই এবং পাঁচবিবির কুশুম্বা ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ইটপাটকেলের আঘাতে আহত ইউএনও রফিকুল ইসলাম সেলিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পাঁচবিবি থানার ওসি আহসানুল হক বলেন, জুমার নামাজের পর দেশি অস্ত্রশস্ত্র নিয়ে জামায়াত-শিবির কর্মীরা কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেনের বাড়ি এবং হিন্দু সম্প্রদায়ের অন্তত ছয়টি বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
কাঁশরা গোবিন্দপুরে এ হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড শটগানের গুলি ছুঁড়েছে, বলেন তিনি।
সদর থানার ওসি আব্দুর রশীদ এবং পাঁচবিবি থানার ওসি আহসানুল হক দুই ইউনিয়নে ১৪৪ ধারা জারির কথা নিশ্চিত করেন।
এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার সদর ও পাঁচবিবি উপজেলায় আওয়ামী লীগ সমর্থক ও হিন্দুদের স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে জামায়াত-শিবির সমর্থকরা।
