সিরাজগঞ্জে আসামি জামায়াত-শিবিরের সহস্রাধিক
র্যাব-পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে সিরাজগঞ্জে দুটি মামলায় জামায়াতে ইসলামীর এক হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপরই সদর উপজেলার চন্ডিদাসগাঁতী এবং বেলকুচি উপজেলায় তাণ্ডব চালায় জামায়াত-শিবিরকর্মীরা।
এতে দুইজন নিহত ও অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ হাসান এবং বেলকুচি থানায় এসআই ফারুক হোসেন বাদী হয়ে দুটি মামলা করেন।
সদর থানায় এসআই মোস্তাফিজ হাসান বলেন, তার করা মামলায় ৭৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৭০০ জনকে আসামি করা হয়েছে।
বেলুকুচি থানার মামলায় ৫০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান থানায় এসআই ফারুক হোসেন।
